সময়ের জনমাধ্যম

বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত

Last Updated on 29 seconds by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (৭ আগষ্ট) ভোরে বগুড়া-নওগা মহাসড়কে এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাজের সন্ধানে আসা শ্রমিকদের চাপা দিয়েছে।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী। তিনি গনমাধ্যমকে বলেন, হতাহত সকলেই শ্রমজীবী এবং স্থানীয় বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম– পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস আজ ভোর সাড়ে ছয়টার দিকে মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী লোকজন অপেক্ষা করছিলেন। বাসচাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হন। আরও অনেক আহত হন।

পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরও তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।