সময়ের জনমাধ্যম

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করলেন মার্কিন আদালত

Last Updated on 15 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু স্থগিতের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

আদালতের পর্যবেক্ষণ, এ ধরনের সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা অতিক্রম করা হয়েছে এবং এটি দেশটির অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।

শুক্রবার (২১ আগস্ট) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ম্যানহাটন আদালতের বিচারক জিনেট এ. ভার্গাস এ রায় দেন। তিনি সংশ্লিষ্ট নীতিকে ‘স্পষ্টতই বেআইনি’ বলে উল্লেখ করেন।

রায়ে বিচারক বলেন, কোনো নির্দিষ্ট দেশের নাগরিক হওয়ার কারণে তাদের অভিবাসন ভিসা সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা পররাষ্ট্রমন্ত্রীর নেই। আবেদনকারীদের জাতীয়তার ভিত্তিতে এমন নিষেধাজ্ঞা মার্কিন অভিবাসন ব্যবস্থার আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

গত ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া ওই নীতির আওতায় বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, আলবেনিয়া ও বসনিয়া-হার্জেগোভিনাসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসন ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের যুক্তি ছিল, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার তুলনামূলক বেশি ঝুঁকি রয়েছে। তবে নিষেধাজ্ঞাটি শুধু অভিবাসন ভিসার ক্ষেত্রে কার্যকর ছিল; পর্যটকসহ অন্যান্য অ-অভিবাসন ভিসা এর আওতায় ছিল না।

নীতিটির বিরুদ্ধে অভিবাসী অধিকার সংগঠন, ভিসা আবেদনকারী এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত তাদের স্বজনদের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। মামলাকারীদের অভিযোগ ছিল, নাগরিকত্বের ভিত্তিতে এভাবে ভিসা স্থগিত করা মার্কিন অভিবাসন আইনের বিধানের পরিপন্থী।

শুনানি শেষে বিচারক ভার্গাস নীতিটিকে আইনগতভাবে বৈধ নয় বলে উল্লেখ করে তা বাতিলের নির্দেশ দেন। আদালতের রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ৭৫ দেশের নাগরিকদের অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্তও ছিল এসব পদক্ষেপের অন্যতম। সর্বশেষ আদালতের রায়ে সেই নীতির বৈধতা চ্যালেঞ্জের মুখে পড়ল। সূত্র: আল জাজিরা