সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় কুকুর শনাক্ত করলো বাংলাদেশি যুবকের মাটিচাপা মরদেহ

মালয়েশিয়া ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রশিক্ষিত অনুসন্ধানী একটি কুকুর মাটির স্তূপের নিচে মরদেহ শনাক্ত করার পর তা উদ্ধার করেন উদ্ধারকর্মীরা । (ইনসেটে) মো. ফাহাদ হোসেন (২৭)

Last Updated on 31 seconds by zajira news

সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: নিখোঁজ হওয়ার দুইদিন পর মালয়েশিয়ায় উদ্ধারকারী দলের তৎপরতা ও ট্র্যাকার কুকুরের ঘ্রাণে সন্ধান মিলল বাংলাদেশি শ্রমিকের।

দেশটির কেলান্তান প্রদেশের লোজিন হাইল্যান্ডসে ভূমিধসের ঘটনায় মাটিচাপা পড়া তার লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী।

নিহত বাংলাদেশির নাম মো. ফাহাদ হোসেন (২৭), বাড়ি কুমিল্লার বরুড়ায়।

স্থানীয় সংবাদপত্র ‘নিউ স্ট্রেইট টাইমস’ শনিবার (৩ অক্টোম্বর) এক প্রতিবেদনে জানায়, কেলান্তান প্রদেশের লোজিন হাইল্যান্ডসের একটি সবজি খামারে শুক্রবার এই ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের পর দুইদিনের উদ্ধার অভিযান শেষে মাটি চাপায় নিহত বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে রোববার।

গুয়া মুসাং পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু-এর বরাত দিয়ে ‘নিউ স্ট্রেইট টাইমস’ জানায়, ওইদিন দুপুরে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ‘কে-৯’ ইউনিটের ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি ট্র্যাকার কুকুর ২৭ বছর বয়সি ওই বাংলাদেশি কর্মীর লাশের অবস্থান শনাক্ত করে।

পরে উদ্ধারকারী দলের সদস্যরা মাটির স্তূপের নিচ থেকে লাশটি উদ্ধার করে। এর আগে, সকালে উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

এতে ২০ জন দমকলকর্মী, তিনটি ট্র্যাকার কুকুর ও একটি এক্সকাভেটর ব্যবহার করা হয়।