Last Updated on 2 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এখন থেকে বর্তমান বসবাসের ঠিকানা নিবন্ধন বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দ্য ফরেন ওয়ার্কার্স মেডিকেল এক্সামিনেশন সিস্টেমের (ফোমেমা) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।
এতে স্পষ্ট বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে নিয়োগকর্তা ও প্যানেল এজেন্সিগুলোকে প্রতিটি বিদেশি কর্মীর বর্তমান বাসস্থান যাচাই করে সঠিক তথ্য হালনাগাদ করার পরই স্বাস্থ্য পরীক্ষার নিবন্ধনপ্রক্রিয়া শুরু করতে হবে।
ফোমেমা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে অবস্থানরত বিদেশি কর্মীদের সঠিক তথ্য সংরক্ষণ এবং যেকোনো প্রয়োজনে তাদের সহজে চিহ্নিত করার লক্ষ্যেই এই নিয়ম চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থার অধীনে নিয়োগকর্তারা কর্মীদের সঠিক বর্তমান ঠিকানা নিশ্চিত না করা পর্যন্ত নিবন্ধনের ‘সেভ’ বাটন সক্রিয় হবে না। ফলে ঠিকানা নিশ্চিতকরণ না হওয়া পর্যন্ত কোনো স্বাস্থ্য পরীক্ষার আবেদনই সম্পন্ন করা সম্ভব হবে না।
উল্লেখ্য, মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনোনীত প্রতিষ্ঠান ফোমেমা জনস্বাস্থ্য সুরক্ষা ও কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি কর্মীদের জন্য প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করে থাকে।
দেশটিতে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে নিয়োগকর্তাদের কর্মীদের প্যানেল ক্লিনিকগুলোতে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো এবং প্রতি বছর ভিসা নবায়নের পূর্বে এই মেডিকেল সম্পন্ন করা একটি আবশ্যকীয় নিয়ম।


