Last Updated on 5 hours by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে সন্ত্রাস ও সহিংসতা চালানো দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিদেশে অবস্থানরত কোনো রাজনৈতিক ব্যক্তির স্বার্থে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, সন্ত্রাস ও বিশৃঙ্খলার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্পায়ন, কলকারখানা এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
ডিজাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ অন্যান্য সদস্য।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের সশস্ত্র বাহিনী ও বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রতিরক্ষা সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান সমস্যার সমাধান রাজনৈতিক আলোচনার মাধ্যমেই করতে হবে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি পার্বত্য অঞ্চলের সংকট, রোহিঙ্গা পরিস্থিতি এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতিকে কেন্দ্র করে অনুসন্ধানমূলক সাংবাদিকতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে তিনি বলেন, এ আদর্শ পাহাড়ি ও সমতলের জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে জাতি, ধর্ম, বর্ণ কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ করেছে। রাষ্ট্রপতির মতে, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


