সময়ের জনমাধ্যম

কুমিল্লায় উত্তেজনার মধ্যে মাহফিল বন্ধ, বক্তব্য না দিয়েই ফিরে গেলেন তাহেরী

Last Updated on 7 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে দিনভর উত্তেজনা ও প্রতিবাদের পর পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতে পারেননি ধর্মীয় আলোচক মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

প্রশাসনের অনুমতি না পাওয়ায় এবং হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত মাহফিলের আয়োজন বন্ধ হয়ে যায়।

তবে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে এলাকায় পৌঁছে সড়কের পাশে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে অনুসারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

শুক্রবার বিকেল ৪টার দিকে অলিরবাজারে আসেন তাহেরী। এ সময় তাঁর গাড়ির চারপাশে কয়েক শ ভক্ত-অনুসারী জড়ো হন। গাড়ির ওপর দাঁড়িয়ে কয়েক মিনিট কথা বলার পর তিনি সেখান থেকে চলে যান।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান শুক্রবার রাতে গনমাধ্যমকে বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এ কারণে সেখানে অনুষ্ঠানটি করতে পারেননি তাহেরী। পরিস্থিতি শান্ত রাখতে সকাল থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তাঁর ভাষ্য, উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতায় কোনো সংঘর্ষ হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে অলিরবাজারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মাহফিলে অংশ নেওয়ার কথা ছিল তাহেরীর। তাঁর আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাহফিল বন্ধের দাবিতে শুক্রবার সকালে সেখানে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। তাহেরীকে এলাকায় আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছেও আবেদন জানান তাঁরা।

এরপর সকাল থেকে অলিরবাজারে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ আয়োজকদের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়। সদর দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক কমিটির সদস্যদের মাহফিল না করার অনুরোধ জানায়। ফলে নির্ধারিত মাঠে অনুষ্ঠানটি আর অনুষ্ঠিত হয়নি।

হেফাজতে ইসলামের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী গনমাধ্যমকে বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তাহেরী একজন বিতর্কিত বক্তা বলে দাবি করে তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তাঁরাও এ আয়োজনের প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের অবস্থানের কারণে তাহেরীকে অলিরবাজারের মাহফিলে বক্তব্য দিতে দেওয়া হয়নি।

অন্যদিকে, আয়োজক কমিটির সদস্য ও তাহেরীর অনুসারী আমির হোসেন গনমাধ্যমকে বলেন, মাহফিল আয়োজনের জন্য তাঁরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। অনুষ্ঠান বাস্তবায়নে যেকোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও ছিল তাঁদের। তবে তাহেরী কোনো সংঘাতে জড়াতে চাননি। বিকেলে অলিরবাজারে এসে তিনি প্যান্ডেলে না গিয়ে গাড়ির ওপর দাঁড়িয়ে অনুসারীদের সঙ্গে কথা বলে চলে যান।

আমির হোসেনের দাবি, মাহফিলের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি।