সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ার সারাওয়াকে ১০ ঘণ্টার অভিযানে ১৫২ বিদেশি আটক

Last Updated on 2 mins by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে অভিবাসন বিভাগের পৃথক দুটি বিশেষ অভিযানে ১৫২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। ‘অপস মাহির’ ও ‘অপস কুতিপ’ নামের অভিযান দুটি কুচিং ও কোটা সামারাহান এলাকায় পরিচালিত হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সারাওয়াক রাজ্যের অভিবাসন বিভাগ (জেআইএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা এ অভিযান চলে।

এ সময় নির্মাণাধীন ভবন, শিল্পাঞ্চল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ চারটি নির্ধারিত স্থানে তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে মোট ১৭৪ জন বিদেশি নাগরিকের পরিচয়পত্র ও অভিবাসনসংক্রান্ত নথি পরীক্ষা করা হয়। যাচাই-বাছাই শেষে বিভিন্ন অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে ১৫২ জনকে আটক করেন কর্মকর্তারা।

বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ১১(৭)(এ) বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুচিং অভিবাসন বিভাগের কর্মকর্তারা অভিযান দুটি পরিচালনা করেন।

সংশ্লিষ্ট এলাকায় বিদেশি নাগরিকদের বসবাস ও চাকরির অনুমোদন বৈধ কি না, তা যাচাইয়ের পাশাপাশি অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করাই ছিল এ তৎপরতার লক্ষ্য।

সারাওয়াক অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশটির অভিবাসন আইন কার্যকর রাখা এবং বিদেশি নাগরিকদের আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

পাশাপাশি কোথাও অভিবাসন আইনবিরোধী কর্মকাণ্ড বা অবৈধ অবস্থানের তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিভাগটি।