সময়ের জনমাধ্যম

আজ ঢাকায় মঞ্চ মাতাবেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

Last Updated on 26 seconds by zajira news

বিনোদন ডেস্ক, জাজিরা নিউজ: বিশ্বজুড়ে জনপ্রিয় ‘বিলিওনেরা’ গানের শিল্পী রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকায় এসেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিতব্য এক কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি। আন্তর্জাতিক সংগীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধন ঘটাতে একই মঞ্চে থাকবেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড।

‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই আয়োজনে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ওটিলিয়া। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।

ঢাকায় পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে নিজের অনুভূতি প্রকাশ করেন এই পপশিল্পী।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, নিরাপদে ঢাকায় পৌঁছাতে পেরে তিনি আনন্দিত। ভক্তদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ঢাকাবাসীর প্রতি ভালোবাসা জানান।

এদিকে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদিরও। আয়োজকদের আশা, ওটিলিয়ার জনপ্রিয় গান এবং ফুয়াদের ব্যান্ডের পরিবেশনা মিলিয়ে দর্শকদের জন্য স্মরণীয় একটি সংগীতসন্ধ্যা উপহার দেওয়া সম্ভব হবে।

শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে শুরু হবে কনসার্টটি। আগ্রহীরা অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাই থেকে আগাম টিকিট সংগ্রহ করতে পারবেন। এর আগে ২০২২ সালেও বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া।

২০১৪ সালে ‘বিলিওনেরা’ গান প্রকাশের পর আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি পান রোমানিয়ার এই গায়িকা। গানটি বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান ও ভারতের রেডিওতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পাশাপাশি দেশগুলোর সংগীত তালিকার শীর্ষস্থানেও জায়গা করে নেয় গানটি। এর পর থেকেই ‘বিলিওনেরা’ ওটিলিয়ার অন্যতম প্রধান পরিচয় হয়ে ওঠে।