Last Updated on 3 hours by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।
শূন্য অভিবাসন ব্যয়ে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথম দফায় ১১২ জন কর্মীর মধ্যে ১০৫ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে তাঁরা দেশটিতে অবতরণ করেন।
নতুন আসা কর্মীদের অভ্যর্থনা জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, ডেপুটি হাইকমিশনার, শ্রম কাউন্সিলরসহ হাইকমিশনের কর্মকর্তারা।
সরকারের ঘোষিত নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী, গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের মধ্য থেকে স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে প্রথমে ৩০০ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করা হয়। দুই দিনব্যাপী সাক্ষাৎকারে কয়েকজন প্রার্থী হাজির না হওয়ায় পরে বাকি আবেদনকারীদের মধ্য থেকে লটারিতে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়।
পরবর্তী সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে ডিএইচএল কর্তৃপক্ষ ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেয়। তবে ভিসাসংক্রান্ত জটিলতার কারণে তাঁদের মধ্যে সাতজন প্রথম দফার ফ্লাইটে যেতে পারেননি। বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মালয়েশিয়ায় পৌঁছানোর পর কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী। তিনি কর্মীদের দেশটির আইন ও বিধিবিধান মেনে চলার পরামর্শ দেন।
রাষ্ট্রদূত বলেন, মালয়েশিয়ায় যে প্রতিষ্ঠানের ভিসা নিয়ে কর্মীরা প্রবেশ করেছেন, আইন অনুযায়ী সেই প্রতিষ্ঠানেই তাঁদের কাজ করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা এজেন্টের কথায় অন্য প্রতিষ্ঠানে কাজ করা আইনত অপরাধ। এমন কাজে জড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদসহ নানা আইনি সমস্যার মুখে পড়তে হতে পারে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা এজেন্টের প্রলোভন কিংবা বিভ্রান্তিকর পরামর্শে প্রভাবিত না হয়ে প্রত্যেকের উচিত নিজ নিজ নিয়োগকর্তার অধীনে এবং ভিসার শর্ত অনুযায়ী দায়িত্ব পালন করা।
বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রথম বন্ধ হয় ২০০৮ সালে। ২০১৬ সালে তা পুনরায় চালু করা হলেও দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে আবার বন্ধ করে দেওয়া হয়। পরে ২০২২ সালে বাজারটি ফের খুলেছিল, তবে ২০২৪ সালে আবারও কর্মী নিয়োগ স্থগিত হয়।
২০১৮ ও ২০২২ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৩১ মে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজারের দরজা দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার আবার খুলল।


