সময়ের জনমাধ্যম

কারাগার ফটকে শেষবারের মতো প্রতিবন্ধী ছেলের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

ছেলের সঙ্গে মা শারমিন সুলতানা ছবি: সংগৃহীত

Last Updated on 1 day by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে মারা গেছে।

প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় শনিবার (২৮ নভেম্বর) কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নিয়ে তাঁর মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানো হয়।

নিহত কিশোরের নাম নিস্বর্গ হোসেন তূর্য। তার বয়স ১৫ বছর। শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু শনিবার দুপুরে গণমাধ্যমকে জানান, বেলা ১২টার দিকে কারাগারের ফটকে তাঁর স্ত্রীকে মৃত সন্তানের মুখ দেখানো হয়েছে।

এর আগে সকাল ১১টার দিকে শাহাদাৎ হোসেন জানিয়েছিলেন, কারা কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির কারণে শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব হচ্ছে না।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, বন্দীর প্রতিবন্ধী সন্তান মারা যাওয়ার পর শেষবারের মতো তার মুখ দেখানোর জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। বিধি অনুসরণ করে, নিরাপত্তা নিশ্চিত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে মানবিক বিবেচনায় কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হয়।

এদিকে নিস্বর্গের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারমিন সুলতানার আগের একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে তাঁকে সন্তানের অসুস্থতার কথা উল্লেখ করে মুক্তির আবেদন জানাতে দেখা যায়।

ভিডিওতে শারমিন সুলতানা বলেন, তাঁর প্রতিবন্ধী সন্তান অসুস্থ এবং সারা রাত তাকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া শিশুটির দেখাশোনার আর কেউ নেই বলেও তিনি উল্লেখ করেন। তাঁকে বাসা থেকে ‘মব’ করে তুলে আনা হয়েছে দাবি করে তিনি বলেন, অপরাধী হলে বাসায় থাকতেন না।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে লালবাগ থানা-পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বয়স ৪৪ বছর।