সময়ের জনমাধ্যম

পদ্মা সেতু পথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস চলাচল ব্যাহত

গাছ কেটে সড়কে ফেলে রাখায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল পৌনে ১০ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকা। ছবি : সংগৃহীত

Last Updated on 5 hours by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: পদ্মা সেতু ব্যবহার করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় বাস চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে এ পথে বাস চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ এবং গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে রাখায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াতের পথে ছয়টি এলাকা বর্তমানে ঝুঁকিপূর্ণ। এসব স্থানে নিরাপত্তা বাড়ানোর দাবিতে গত ১৯ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পুলিশের প্রধান কার্যালয়ে চিঠি পাঠায়।

ঝুঁকিপূর্ণ স্থানগুলো হলো—গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়াপাড়া ও খুলনা জিরো পয়েন্ট। এসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের অনুরোধ জানিয়েছে পরিবহন মালিক সমিতি।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, গত দুই সপ্তাহ ধরেই পদ্মা সেতু দিয়ে বাস চলাচল অনিয়মিত হয়ে পড়েছে। কখনো যান চলাচল স্বাভাবিক থাকছে, আবার কোনো দিন বাস বন্ধ রাখতে হচ্ছে।

পদ্মা সেতু রুটে বাস পরিচালনাকারী একটি পরিবহন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানান, শনিবার বিকেলের দিকে মোল্লারহাট সেতুতে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ কয়েকটি জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, রোববার ভোর থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘাতের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তৃত এলাকায় বাস চলাচল বন্ধ রয়েছে।