Last Updated on 5 hours by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: শূন্য অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে মালয়েশিয়া বিএনপি ও যুবদল।
দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আবারও শুরু হয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিনা অভিবাসন ব্যয়ে ১০৩ জন বাংলাদেশি কর্মীর একটি দল গত ২৭ নভেম্বর মালয়েশিয়ায় পৌঁছায়। স্থানীয় আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তারা ইতোমধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৯ নভেম্বর) মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সহসভাপতি আব্দুল জলিল লিটন।
বাংলাদেশে অবস্থানকালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং মালয়েশিয়ার কুরিয়ার প্রতিষ্ঠান ডিএইচএলের সঙ্গে সমন্বয় করেন। কর্মী নিয়োগের চাহিদাপত্র সংগ্রহসহ প্রয়োজনীয় দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতেও তিনি ভূমিকা রাখেন।
দীর্ঘ বিরতির পর বিনা খরচে ১১২ জন কর্মী পাঠানোর উদ্যোগের আওতায় প্রথম ধাপে ১০৩ জনের মালয়েশিয়ায় কর্মসংস্থান নিশ্চিত হওয়াকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছে দলটি।
কর্মীদের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বিদেশে চাকরির সুযোগ তৈরি এবং দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করা এ উদ্যোগের গুরুত্বপূর্ণ দিক বলে উল্লেখ করা হয়েছে।
আব্দুল জলিল লিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি এ উদ্যোগকে আরও গুরুত্ব দিয়েছে এবং অনুষ্ঠানে অংশ নেওয়া ১০৩ জন কর্মীর আত্মবিশ্বাস বাড়িয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি কর্মীর জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে নিরাপদ ও ব্যয়সাশ্রয়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।


