সময়ের জনমাধ্যম

ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Last Updated on 5 mins by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বুড়িগঙ্গা, তুরাগসহ রাজধানীর চারপাশের নদী-খাল-ড্রেনের দূষণ রোধ এবং বর্জ্য অপসারণে সংশ্লিষ্টদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (০৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন এবং ঢাকা শহরের চারপাশে বৃত্তাকার নৌপথ সংক্রান্ত’ এক পর্যালোচনা সভায় সরকারপ্রধান এ নির্দেশ দেন বলে জানিয়েছেন তার সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামির।

তিনি বলেন, ‘‘সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং তৎসংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে বলেছেন।”

পামির জানান, এ বিষয়ে বৈঠকে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোগুলো সমন্বয় করে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

সহকারী প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। “এ জন্য শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে।”

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং নৌ বাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।