সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় ৮ নভেম্বর শুরু বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ

ছবি কোলাজ: জাজিরা নিউজ

Last Updated on 2 hours by zajira news

সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ফুটবলের লড়াই জমাতে আগামী ৮ নভেম্বর মাঠে গড়াচ্ছে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬।

বিডি এফসি ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেসের যৌথ আয়োজনে কুয়ালালামপুরের ইউনিভার্সিটি মালায়ার মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

টুর্নামেন্টের আয়োজন, অংশগ্রহণের নিয়ম ও পুরস্কারের বিস্তারিত জানাতে রবিবার (২৫ অক্টোম্বর) রাত সাড়ে ৮টায় কুয়ালালামপুরের চোকিট এলাকার এসটো হোটেলের হলরুমে সংবাদ সম্মেলন করেন আয়োজকেরা। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিডি এফসির যুগ্ম সম্পাদক যুবায়ের রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিটি দলকে নিবন্ধন ফি হিসেবে দিতে হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। মাঠের লড়াইয়ে সেরা দলগুলোর জন্য রাখা হয়েছে আকর্ষণীয় অর্থ পুরস্কারসহ ট্রফি ও মেডেল।

চ্যাম্পিয়নদের জন্য ৬ হাজার রিঙ্গিত –

টুর্নামেন্টের শিরোপাজয়ী দল পাবে ৬ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত। দ্বিতীয় স্থান অর্জনকারী দলের জন্য বরাদ্দ ৩ হাজার রিঙ্গিত। আর তৃতীয় হওয়া দল পাবে ১ হাজার ৫০০ রিঙ্গিত।

অর্থ পুরস্কারের পাশাপাশি শীর্ষ তিন দলের খেলোয়াড়দের জন্য থাকবে ট্রফি ও মেডেল। এ ছাড়া প্রতিযোগিতায় ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে সেরা খেলোয়াড়ের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিডি এফসির কর্মকর্তারা –

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি এফসির সভাপতি রাফেজ রহমান রাসেল, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আলী আজগর মিলন ও মো. সোহাগ আহম্মেদ, সহসভাপতি শাহাজান আলম, সাংগঠনিক সম্পাদক অপু রাইহান এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন।

এ ছাড়া স্পনসর প্রতিষ্ঠানের কর্ণধার মাজারুল আলম ও ইব্রাহিম, উপদেষ্টা আব্দুল মবিন ও মোস্তফা ইমরান রাজুসহ বিভিন্ন ক্লাবের অধিনায়ক ও খেলোয়াড়েরা সংবাদ সম্মেলনে অংশ নেন।

প্রবাসীদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর প্রত্যাশা –

আয়োজকদের প্রত্যাশা, এই ফুটবল প্রতিযোগিতা মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে। একই সঙ্গে প্রবাসীদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করা এবং ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতেও টুর্নামেন্টটি ইতিবাচক ভূমিকা রাখবে।

তাঁরা মনে করছেন, প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর হয়ে উঠবে। মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও জোরালো হবে বলেও আশা করছেন আয়োজকেরা।