Last Updated on 1 min by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশের পেস বোলিং বিভাগের সাম্প্রতিক উন্নতি নজরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের মতো বোলারদের সামর্থ্য বিবেচনায় আসন্ন সিরিজে টাইগারদের কোনোভাবেই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে না প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার বক্তব্যেও উঠে এসেছে বাংলাদেশের পেস আক্রমণ মোকাবিলায় বাড়তি প্রস্তুতির বিষয়টি।
দুই টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গতকাল বিকেলে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছেড়েছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলের সিরিজ শুরু হবে আগামী ১৫ নভেম্বর। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে দুই দলের লড়াই।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের বোলিং শক্তি নিয়ে নিজেদের সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন বাভুমা। তাঁর মতে, হাইভেল্ডের কন্ডিশনে শুরুতে বোলিং করা প্রতিপক্ষের জন্য সুবিধাজনক হতে পারে। বাংলাদেশের বোলারদেরও এ ধরনের পরিস্থিতিতে কার্যকর হওয়ার মতো কিছু শক্তির জায়গা রয়েছে। তাই ব্যাটিং প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি রাখতে চান না তাঁরা।
বাভুমা বলেন, বাংলাদেশের বিপক্ষে খেলতে হলে হাইভেল্ডের কন্ডিশন মাথায় রেখে পরিকল্পনা সাজাতে হবে। বিশেষ করে শুরুতে বোলিং করার ক্ষেত্রে প্রতিপক্ষের কিছু সুবিধা থাকতে পারে। এ কারণে ব্যাটারদের প্রস্তুতির পাশাপাশি মানসিকভাবেও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো সুযোগ বা পরিস্থিতিকে অবহেলা করার অবকাশ নেই।
বাংলাদেশকে খাটো করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তাঁর ভাষায়, বর্তমান ক্রিকেটে কোনো দলকেই দুর্বল প্রতিপক্ষ ভাবা যায় না। নির্দিষ্ট দিনে যেকোনো দলই অন্য দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। তাই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে যথাযথ প্রস্তুতি নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওই সিরিজে খেলতে না পারলেও দলটির জন্য সেই সফরের গুরুত্ব তুলে ধরেছেন বাভুমা।
তিনি জানান, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে ওই সিরিজটি দক্ষিণ আফ্রিকার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সও খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছিল। বিশেষ করে অনভিজ্ঞ ক্রিকেটার টনি, কাভেরিমি, ভিয়ান মুল্ডার ও সেন মুথুসামি নিজেদের দক্ষতা দেখিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বাভুমা আরও বলেন, ইনজুরির কারণে তিনি নিজে খেলতে না পারলেও ওয়েইন সোস ও এইডেনের পারফরম্যান্স তাঁকে মুগ্ধ করেছিল। বিশেষ করে এইডেনের নেতৃত্ব দলের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছিল। উপমহাদেশের মাটিতে খেলা সব সময়ই কঠিন হলেও বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকা নিজেদের পরিকল্পনা অনুযায়ী আধিপত্য দেখাতে সক্ষম হয়েছিল।
তাঁর মতে, ওই সিরিজের সাফল্য দলের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি খেলোয়াড়দের মানসিকতায়ও ইতিবাচক পরিবর্তন এনেছিল। সেই ধারাবাহিকতা ও আত্মবিশ্বাস পরবর্তী সময়ে দলকে নতুন উদ্দীপনা জুগিয়েছে।


