সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় অভিবাসন আইন প্রয়োগে কঠোরতা, ১১ মাসে আটক ৪৬ হাজারের বেশি

Last Updated on 3 mins by zajira news

জুম্মান হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অভিবাসন আইন বাস্তবায়নে আরও কঠোর অবস্থান নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা’র এক প্রতিবেদনে বলা হয়েছে,  চলতি বছরের ১১ মাসে ১২ হাজার ৪৭১টি অভিযান পরিচালনা করে ৪৬ হাজার ৪২৬ জন বিদেশি নাগরিককে আটক করেছে অভিবাসন বিভাগ।

অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে গত ১১ মাসে প্রতিদিন গড়ে প্রায় ৩৭টি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। এসব অভিযানে আটক বিদেশিদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁদের অনেককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তবে অভিবাসন বিভাগের নজরদারি শুধু বৈধ কাগজপত্রহীন ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ নেই। মালয়েশিয়াজুড়ে বসবাস ও কাজ করা বিদেশিদের বিভিন্ন কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

এর প্রভাব পড়েছে দেশটিতে ক্ষুদ্র ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশিদের ওপরও। সরকারের বিভিন্ন বিভাগের কঠোর তদারকির কারণে ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে উদ্বেগে রয়েছেন অনেক প্রবাসী।

দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীরা বলছেন, অভিবাসন আইন আগে থেকেই থাকলেও এর প্রয়োগ সব সময় কঠোরভাবে হয়নি। সাম্প্রতিক সময়ে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে নতুন ও পুরোনো—সব প্রবাসীকেই আইন মেনে চলা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে।

তাঁদের মতে, মালয়েশিয়ার শ্রমবাজারে বৈধভাবে টিকে থাকতে হলে অভিবাসনসংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা জরুরি।