Last Updated on 5 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: টিকটকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানিকগঞ্জের এক কিশোরীকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং (৪১) নামে এক চীনা নাগরিকের বিরুদ্ধে।
নিখোঁজ হওয়ার ছয় দিন পর মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় অনুসন্ধান করেও মেয়ের সন্ধান না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
নিখোঁজের ছয় দিন পর মঙ্গলবার রাতে বড় বোনের সঙ্গে ফোনে যোগাযোগ করে কিশোরী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার আওতাধীন একটি ভবনের সপ্তম তলার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে কিশোরীকে উদ্ধার করা হয় এবং চেন ইয়ংকে আটক করা হয়।
অভিযানের সময় অভিযুক্তের কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় নিয়ে খাওয়াদাওয়া ও কথাবার্তা হয়। সেখান থেকে ঢাকায় নিয়ে উত্তরার একটি বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে ভুক্তভোগী কিশোরী। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

