Last Updated on 16 hours by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: মালয়েশিয়া এখন থেকে আর সব দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) দেবে না। এই সুবিধা কেবল ৩১টি দেশের নাগরিকদের জন্য সীমিত থাকবে ।
নতুন ব্যবস্থায় ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ ভ্রমণ, ব্যবসায়িক কার্যক্রম, চিকিৎসা এবং ওয়েডিং ট্যুরিজম—এই নির্দিষ্ট চার ক্ষেত্রে এমইভি দেওয়া হবে।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ গত বুধবার (০২ সেপ্টেম্বর) এক নোটিসে জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর থেকেই এ নতুন নিয়ম কার্যকর হয়েছে।
তবে কোন ৩১ দেশের নাগরিকরা মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন, সেই তালিকা সেখানে দেওয়া হয়নি। মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলোও সেরকম কোনো তালিকা প্রকাশ করেনি।
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম লিখেছে, “বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করেছে মালয়েশিয়া।” তবে এই তথ্যের সত্যতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এ বিষয়ে জানতে মালয়েশিয়ায় বাংলাদেশ মিশনে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা বলেন, তারাও সংবাদমাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। ওই তালিকায় বাংলাদেশ আছে কি না তা আনুষ্ঠানিকভাবে জানতে সময় লাগবে।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের নোটিস অনুযায়ী, নির্ধারিত ৩১টি দেশের নাগরিক নন, অথবা অনুমোদিত ভ্রমণের উদ্দেশ্যের মধ্যে পড়েন না—এমন আবেদনকারীরা নতুন ব্যবস্থায় আর মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন না। মালয়েশিয়ার এমইভি ব্যবস্থায় একটি ভিসার মেয়াদ চলাকালে একাধিকবার দেশটিতে প্রবেশের সুযোগ থাকে।
আগে তুলনামূলকভাবে বেশি সংখ্যক দেশের নাগরিক এই ভিসার জন্য আবেদন করতে পারতেন। নতুন নীতিতে সেই সুযোগ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিক এবং নির্দিষ্ট ভ্রমণ উদ্দেশ্যের মধ্যে সীমিত করা হয়েছে।


