Last Updated on 1 hour by zajira news
জাজিরা নিউজ ডেস্ক: দৃক পিকচার লাইব্রেরির আয়োজনে পঞ্চম বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট ২০২৬-এ ‘শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া’ বিভাগে দ্বিতীয় সম্মানজনক স্বীকৃতি (অনারেবল মেনশন) পেয়েছেন ফটোসাংবাদিক আব্দুল গনি।
সোমবার (১৩ জুলাই) দৃকের ফেসবুক পোষ্টে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। তিনি বর্তমানে ‘দৈনিক ওয়াদা’র জ্যেষ্ঠ ফটো সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। ছবিটি যখন তোলা হয় তখন তিনি ‘দৈনিক ইত্তেফাকে’র ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী রমজানের ইফতার বাজারের প্রাণবন্ত পরিবেশ নিয়ে গত ২ মার্চ তোলা একটি ছবির জন্য আব্দুল গনি ‘অনারেবল মেনশন’ স্বীকৃতি লাভ করেছেন।
‘শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া’ বিভাগে বিজয়ী ছবিটি কেবল একটি বাজারের দৃশ্য নয়, বরং এটি পুরান ঢাকার রমজান মাসের দীর্ঘদিনের এক ঐতিহ্যকে তুলে ধরে, প্রতিদিন বিকালে যেখানে ইফতার কিনতে হাজার হাজার মানুষ ভীড় করে। ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততায় সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ছবির প্রসঙ্গে আব্দুল গনি বলেন, তিনি এমন একটি মুহূর্তকে ধরে রাখতে চেয়েছিলেন যা ঢাকায় রমজানের আবহ এবং প্রতি বছর হাজার হাজার মানুষের ভাগ করে নেওয়া অনুভূতি, ঐতিহ্য ও আনন্দকে মূর্ত করে তোলে।
এই সর্বশেষ সম্মাননাটি আব্দুল গনির অর্জিত জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারের ক্রমবর্ধমান তালিকায় আরো একটি সংযোজন। অতি সম্প্রতি তিনি অর্জন করেছেন ‘ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬’।


