সময়ের জনমাধ্যম

বিদেশি কর্মীদের শোষণকে ‘আধুনিক দাসত্ব’ আখ্যা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Last Updated on 1 day by zajira news

সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের ওপর নির্যাতন, শোষণ ও অমানবিক পরিবেশে বসবাসের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

এ সমস্যা মোকাবিলায় আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বিশেষ বৈঠক করার কথাও জানিয়েছেন তিনি।

সম্প্রতি ‘মালয়েশিয়া মাদানিয়ন স্কলার্স ফোরাম’-এর একটি অনুষ্ঠানে মডারেটর হিসেবে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় অনেক বিদেশি শ্রমিককে অত্যন্ত অমানবিক পরিবেশে থাকতে হচ্ছে। অন্যদিকে, অতিরিক্ত নিয়োগ ব্যয়ের বোঝা চাপিয়ে বিভিন্ন সিন্ডিকেট তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।

শ্রমিকদের সঙ্গে এমন আচরণকে তিনি ‘আধুনিক দাসত্ব’ হিসেবে অভিহিত করেন।

এ পরিস্থিতির সমালোচনা করে আনোয়ার ইব্রাহিম বলেন, কিছু নিয়োগকর্তা শ্রমিকদের আড়ালে রেখে কাজ করান।

তাদের জীবনযাত্রা ও কাজের পরিবেশ দেখে মনে হয়, তারা যেন এক শতাব্দী আগের দাসপ্রথার যুগে বসবাস করছেন। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করেন তিনি।

বিদেশি কর্মীদের প্রতি এমন আচরণ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন তিনি।