সময়ের জনমাধ্যম

ছক্কা মারা বলে আহত সমর্থক, ফেসবুকে তৌহিদ হৃদয়ের আবেগঘন পোস্ট

মাঠে সমর্থকের পায়ে আঘাত হানলো তৌহিদ হৃদয়ের ছক্কা মারা বল, তাকে নিয়ে আবেগঘন পোস্ট

Last Updated on 2 years by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: শ্রীলঙ্কার বিপক্ষে সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে এক ওভারেই লঙ্কানদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন তাওহীদ হৃদয়। সেই ওভারেই দুর্ঘটনার শিকার হন এক বাংলাদেশি দর্শক।

হাসারাঙ্গার ১২তম ওভারের দ্বিতীয় বলটি হৃদয় স্লগ সুইপে ডিপ স্কয়ারের ওপর দিয়ে ৮৮ মিটারের বিশাল ছক্কা হাঁকান। বলটি গ্যালারিতে থাকা এক বাংলাদেশি সমর্থক হাতে জমা করার চেষ্টা করেন। কিন্তু যুক্তরাষ্ট্র প্রবাসী সেই সমর্থক বল তালুবন্দী করতে ব্যর্থ হলে তা পায়ের মধ্যভাগে এসে পড়ে। সঙ্গে সঙ্গে জখম হয়ে রক্ত জমাট বাঁধে সেখানে। ম্যাচ চলাকালে বিষয়টি জানার কথা ছিল না হৃদয়ের। কিন্তু ম্যাচ শেষ হতেই সেই ভক্ত সাংবাদিকদের সামনে বলতেই জানা যায় ঘটনাটি।

ওই সমর্থক বেশ যন্ত্রণা পেয়েছেন তাতে কোন সন্দেহ নেই । কিন্তু বাংলাদেশের এমন এক জয়ের দিনে অতটুকু ব্যথা আর কী আর ব্যাথা মনে হয় ! ম্যাচ শেষে কোনো এক সংবাদমাধ্যমে সেই সমর্থক বলেছেন, তিনি খুশি। তাঁর কোনো কষ্ট হয়নি।

ওই সমর্থকের হাসিমাখা মুখের ছবি হৃদয়ের কাছে পৌঁছেছে। সেটা দেখে নিজের ফেসবুক পেজে হৃদয় প্রতিক্রিয়াও জানিয়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যান লিখেছেন, ‘ছবিগুলো একজন পাঠাল, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারও রক্ত ঝরল, এটা ভেবেই খারাপ লাগছে।’