সময়ের জনমাধ্যম

মিরপুর টেস্টে চোটের ধাক্কা, স্ট্রেচারে মাঠ ছাড়লেন তাওহীদ হৃদয়

Last Updated on 29 seconds by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনেই চোটের কারণে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল। ব্যাটিংয়ের সময় বাঁ পায়ে আঘাত পেয়ে শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়কে।

বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে এ ঘটনা ঘটে।

ইনিংসের ৬৫.৫ ওভারে জেডেন সিলসের বল মোকাবিলার পর এক রান নিতে গিয়ে বাঁ হাঁটুর ঠিক নিচে ব্যথা অনুভব করেন হৃদয়। এরপর তাকে খুঁড়িয়ে চলতে দেখা যায়। ব্যথার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

চোটে পড়ার আগে দলের প্রয়োজনে ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছিলেন হৃদয়। গুরুত্বপূর্ণ সময়ে উইকেটে থেকে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। মাঠ ছাড়ার আগে ৮৪ বলে ৪২ রান করেন এই ব্যাটার।

হৃদয়ের এমন সময়ে চোট পাওয়া বাংলাদেশের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে তার চোটের ধরন ও গুরুতর অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

তিনি আবার মাঠে ফিরতে পারবেন কি না, তা নির্ভর করছে পরবর্তী শারীরিক মূল্যায়নের ওপর। হৃদয় মাঠ ছাড়ার পর শাদমান ইসলামের সঙ্গে ব্যাটিংয়ে যোগ দিয়েছেন লিটন দাস।