Last Updated on 29 seconds by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে ১৪ হাজার ১৬৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১২ হাজারের বিশ অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।
দেশটির কর্তৃপক্ষ বলেছে, এ সময় ১২ হাজার ৩৬৩ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অপরদিকে ১৮ হাজার ৯৩৭ জনকে তাদের ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে এবং আরও ৩ হাজার ২৪০ জনকে ভ্রমণের টিকিট নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৩১৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার , ৪১ শতাংশ ইয়েমেনি এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
পাশাপাশি অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২১ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে মোট ২৯ হাজার ৭৭৩ জন প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে ২৭ হাজার ৮৪৫ জন পুরুষ এবং ১ হাজার ৯২৮ জন নারী।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।
মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সূত্র: গালফ নিউজ।


