সময়ের জনমাধ্যম

তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

Last Updated on 5 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘোষণা দেন তারা।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া ওই চার স্বতন্ত্র প্রার্থীরা হলেন- সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট্রের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

এদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম গণমাধ্যমকর্মীদের জানান, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় তাকে সমর্থন জানিয়ে চারজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে তারা নিজেরাই ঘোষণা দেবেন।

এ সময় উপস্থিত দুই স্বতন্ত্র প্রার্থী এসএম আবুল কালাম আজাদ ও শামীম আহমেদ নিজ নিজ অবস্থান থেকে তারকে রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এছাড়া বাকি দুইজন স্বতন্ত্র প্রার্থী মুঠোফোনে তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে গণমাধ্যমকর্মীদের জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।