Last Updated on 2 hours by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: বয়স ৩৯ বছর। ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পা রাখলেও ভাটা পড়েনি লিওনেল মেসির শিরোপা জয়ের ধারাবাহিকতায়।
ইন্টার মায়ামির হয়ে ক্যাম্পেওনেস কাপ জিতে নিজের ট্রফির সংখ্যা ৪৯-এ নিয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। ক্রুজ আজুলকে হারিয়ে পাওয়া এই শিরোপা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত করল নতুন এক অর্জন।
ক্যাম্পেওনেস কাপের ম্যাচে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারায় ইন্টার মায়ামি। এই জয়ের মধ্য দিয়ে মেসির ট্রফির সংগ্রহে যুক্ত হলো আরও একটি শিরোপা।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে মায়ামির হয়ে একের পর এক সাফল্য পেয়েছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হলো ক্যাম্পেওনেস কাপ।
ফাইনালে গোলও পেয়েছেন এই আর্জেন্টাইন তারকা। মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির হয়ে তিনি জিতেছেন ৩৫টি শিরোপা। দীর্ঘ সময় বার্সেলোনার আক্রমণভাগের নেতৃত্ব দিয়ে ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল যুগের অংশ হয়ে ওঠেন তিনি। লা লিগা, কোপা দেল রে ও উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ ইউরোপের ফুটবলে একাধিক শিরোপা জয়ের সাক্ষী হয়েছেন এই আর্জেন্টাইন।
বার্সেলোনা ছাড়ার পর ২০২১ সালে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন মেসি। ফরাসি ক্লাবটির হয়েও শিরোপা জয়ের ধারাবাহিকতা বজায় রাখেন তিনি।
এরপর ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন অধ্যায় শুরু করেন। মায়ামির হয়ে তার প্রথম বড় সাফল্য আসে লিগস কাপে। পরবর্তী সময়ে সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপ জয়ের পর এবার ক্যাম্পেওনেস কাপও জিতলেন তিনি।
জাতীয় দলের হয়েও মেসির অর্জন সমৃদ্ধ। আর্জেন্টিনার হয়ে তিনি জিতেছেন ছয়টি শিরোপা। এর মধ্যে রয়েছে কোপা আমেরিকার দুটি শিরোপা, ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ।
২০২২ সালের বিশ্বকাপ জয় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায়। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার হয়ে তার শিরোপা সংগ্রহে আসে পূর্ণতা।
বার্সেলোনার হয়ে ৩৫টি, পিএসজির হয়ে ৩টি, ইন্টার মায়ামির হয়ে ৫টি এবং আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ৬টি সব মিলিয়ে ৪৯টি ট্রফি এখন মেসির দখলে। ক্লাব ও জাতীয় দলের হয়ে এই দীর্ঘ সাফল্যের তালিকা তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও সফল খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
৩৯ বছর বয়সেও নতুন শিরোপা জয়ের সুযোগ কাজে লাগিয়ে মেসি বুঝিয়ে দিলেন, তার ক্যারিয়ারের সাফল্যের গল্প এখনো শেষ হয়নি। ইন্টার মায়ামির হয়ে ক্যাম্পেওনেস কাপ জয় সেই গল্পের সর্বশেষ সংযোজন।


