Last Updated on 4 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: নারায়ণগঞ্জের একটি খামারে থাকা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন বিশ্বজুড়ে আলোচনায়। মহিষটির চেহারা ও সোনালি চুলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল থাকায় এমন নাম রাখা হয়েছে।
সম্প্রতি রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের এক্স (টুইটার) অ্যাকাউন্টে মহিষটির ভিডিও শেয়ার করে মজার প্রতিক্রিয়া জানিয়েছে। তারা লিখেন, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত।’
ভিডিওটি রুশ সংবাদমাধ্যম আরটির। সেখানে বলা হয়েছে, মহিষটিকে দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করছেন, এতে নাকি তার খাওয়ার রুচিও কমে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মালিক রসিকতা করে মহিষটির নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল ও মুখের গড়ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ঢাকার কাছে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা বলেছেন, ‘আমার ছোট ভাই মাথার চুল দেখে রসিকতা করে এই নাম রেখেছে। মহিষটি খুব শান্ত স্বভাবের। অ্যালবিনো মহিষ সাধারণত শান্তই হয়, উত্তেজিত না করলে রাগ করে না।’
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে একটি প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘দেখুন: ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মতো দেখতে বাংলাদেশের ভাইরাল মহিষগুলো সবার নজর কেড়েছে।’
ফ্রান্সের প্রভাবশালী বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ নিয়ে প্রতিবেদন করেছে। মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফের’ অনুকরণে এএফপির শিরোনামে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে উল্লেখ করা হয়। এছাড়া রয়টার্স শিরোনাম করেছে, ‘বাংলাদেশের বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ ঈদে আলোড়ন সৃষ্টি করেছে।’


