Last Updated on 1 day by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: অবৈধ অভিবাসীদের আবারও নিজ দেশে ফেরার সুযোগ দিতে ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’- এর মেয়াদ আরও এক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার।
৩০ এপ্রিল ২০২৬-এ শেষ হতে যাওয়া এই কর্মসূচির সময়সীমা ১ মে ২০২৬ থেকে বাড়িয়ে ৩১ মে ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া বিন শাবান জানান, কর্মসূচির আশাব্যঞ্জক সাফল্য এবং অবৈধ অভিবাসীদের সংখ্যা হ্রাসে এর কার্যকারিতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত প্রায় ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় নিবন্ধিত হয়েছেন। স্বেচ্ছায় দেশে ফেরার এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার এ পর্যন্ত ১২৭ মিলিয়ন রিঙ্গিত জরিমানা আদায় করেছে। এই সাফল্যের ফলে অভিবাসন ব্যবস্থাপনায় আইনি প্রক্রিয়ার পাশাপাশি স্বেচ্ছায় প্রত্যাবাসনের পদ্ধতিটি অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
ঘোষণা অনুযায়ী, এই কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীরা কোনো ধরনের বিচার বিভাগীয় প্রসিকিউশন ছাড়াই নির্দিষ্ট শর্তসাপেক্ষে নিজ দেশে ফেরার সুযোগ পাবেন।
বৈধ পাস বা পারমিট ছাড়া অবস্থান এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার মতো অপরাধের জন্য ৫০০ রিঙ্গিত জরিমানা এবং পাসের শর্ত লঙ্ঘনের জন্য ৩০০ রিঙ্গিত জরিমানা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া অস্থায়ী নথি হিসেবে ২০ রিঙ্গিত ফি দিয়ে স্পেশাল পাস সংগ্রহ করে সুশৃঙ্খলভাবে নিজ দেশে ফিরে যেতে পারবেন আবেদনকারীরা।
অভিবাসন বিভাগ সতর্ক করেছে, এই সুযোগ দেয়ার পাশাপাশি দেশজুড়ে চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। আইন লঙ্ঘনকারী অভিবাসী এবং তাদের আশ্রয়দাতা নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাই যেকোনো ধরনের আইনি জটিলতা এড়াতে সকল অবৈধ অভিবাসীকে দ্রুত এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানানো হয়েছে।

