সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় প্রবাসীদের জেলা ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা চ্যাম্পিয়ন

Last Updated on 13 hours by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় প্রবাসীদের জেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলার প্রবাসীদের ক্রিকেট দল ‘কুমিল্লা ভিক্টোরিয়ানস’। শুরু থেকে দুর্দান্ত খেলে রানার্সআপ হয়েছে নরসিংদী লায়নস।

বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল অ্যাকাডেমি-মালয়েশিয়া আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১২ টি জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে – ঢাকা জেলা, চট্টগ্রাম জেলা, কুমিল্লা জেলা, নারায়ণের জেলা, মুন্সিগঞ্জ জেলা, নরসিংদী জেলা, সিলেট জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, খুলনা জেলা, ফরিদপুর জেলা, চাঁদপুর জেলা ও শরিয়তপুর জেলা দল।

গ্রুপ পর্ব ও সেমিফাইনাল শেষে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে কুমিল্লা জেলা দল ও নরসিংদী জেলা দল।

সোমবার (০১ জুন) দুপুরে পুত্রাজায়া লেকের পাশে অবস্থিত খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবকয়টি উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে নরসিংদী লায়ন্স ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করেতে সক্ষম হয়। মাঠে উপস্থিত নরসিংদী জেলা দলের সমর্থকদের হতাশ করে ২০ রানের ব্যবধানে জয় তুলে নেয় কুমিল্লা।

এই নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ জেলা চ্যাম্পিয়ন ট্রপিতে টানা দ্বিতীবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলার প্রবাসীদের দল ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের মিনিস্টার (শ্রম) মো: সিদ্দিকুর রহমান, কাউন্সেলর (কনস্যুলার) মো: ফিরোজ রাব্বানী, বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচার অ্যাকাডেমি মালয়েশিয়ার চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, টুর্নামেন্ট আয়োজন কমিটির কনভেনর মোঃ সাইফুদ্দিন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সাবেক সভাপতি আমিনুল ইসলাম রতন, সাংবাদিক রফিক আহমদ খান, সাংবাদিক জহিরুল ইসলাম হিরন, আসাদুজ্জামান মাসুম ও টুর্নামেন্ট কমিটির মো: সালাহ উদ্দিন প্রমূখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিনিস্টার (শ্রম) সিদ্দিকুর রহমান বলেন, “আমরা মাঠে এসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখে প্রথমে বুঝতেই পারিনি রেমিট্যান্স যোদ্ধারা মাঠে খেলছেন। মনে করেছিলাম বাংলাদেশ থেকে ১২ টা জেলার বাছাই করা খেলোয়াড়রা এসে খেলছেন। খুব ভালো খেলা উপভোগ করেছি, যেমন বলিং তেমন ব্যাটিং, খুবই চমৎকার ম্যাচ হয়েছে। খেলা দেখতে-দেখতে পরে জানতে পারলাম রেমিট্যান্স যোদ্ধারাই মাঠে খেলছেন। বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল অ্যাকাডেমি মালয়েশিয়া তাদের খুঁজে খুঁজে বের করেছেন। আমি অভিনন্দন জানাই, চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দলসহ টুর্নামেন্টে অংশ নেওয়া সকল দলগুলোকে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সেবায় নিয়োজিত। আপনাদের সেবা কীভাবে আরো উন্নত করা যায় আপনারা পরামর্শ দিবেন। যে কোনো প্রবাসী মালয়েশিয়ার যেখানেই সমস্যায় পড়ুক, আমাদের জানাবেন। আমাদের ফেসবুক পেইজে লিখে জানাতে পারেন, মেইল করতে পারেন, ফোন করতে পারেন। আমরা সমাধানের চেষ্টা করব।”

বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সেলর (কনস্যুলার) মো: ফিরোজ রাব্বানী বলেন, “গরমের মধ্যে আপনাদের এই খেলা দেখে আসলেই আমি অভিভূত হয়েছি। আমার এতো ভালো লেগেছে– প্রবাসে এতো সুন্দর টুর্নামেন্টের আয়োজন করা যায়, এতো ভালো খেলা যায়, ভালো ব্যাটিং-বলিং করা ভাবতেও পারিনি। প্রচন্ড রোদের মধ্যেও খেলোয়াড়রা দলের প্রতি যেভাবে দায়িত্বশীল ছিল তা দেখে আসলে এটাই বলা যায় – এই তরুণেরা দেশে এবং প্রবাসে সবকিছু বদলে দিতে পারবে। এই তরুণ রেমিট্যান্স যোদ্ধারা অনেক বেশি দায়িত্বশীল।”

টুর্নামেন্ট সেরার পুরস্কার পান নরসিংদীর জুনায়েদ তামিম, ম‍্যান অফ দ্যা ফাইনাল কুমিল্লার রায়হান, সেরা ব‍্যাটসম্যান খুলনার বেলাল হোসেন, সেরা বোলার নরসিংদীর জুনায়েদ তামিম ও সেরা উইকেট কিপারের পুরস্কার জিতেছেন নরসিংদীর জাহিদ হাসান।