Last Updated on 2 hours by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: দেশে ধীরে ধীরে শীতের আবহ তৈরি হচ্ছে। ভোরে কুয়াশা, ঘাসের ডগায় শিশির আর কমে আসা রোদের তীব্রতায় মিলছে ঋতু পরিবর্তনের আভাস।
তবে নভেম্বরের তুলনায় ডিসেম্বর থেকে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। চলতি মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানীর বাইরে দেশের বিভিন্ন এলাকায় হেমন্তের ঠান্ডা বাতাস অনুভূত হলেও ঢাকায় এখনো শীতের প্রভাব সীমিত। রাতে কিছুটা শীতল আবহাওয়া বিরাজ করলেও দিনের বেলায় তেমনটা অনুভূত হচ্ছে না। তবে ভোরে হালকা কুয়াশা ও শিশিরের উপস্থিতি শীতের আগমনী বার্তা দিচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানানো হয়েছে। ওই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। পাশাপাশি কমে আসছে সূর্যের তাপের তীব্রতা।
আবহাওয়াবিদদের মতে, ভৌগোলিক অবস্থানের কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি আগে শুরু হয়। তবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এবার তাপমাত্রার অনুভূতি তুলনামূলক বেশি থাকতে পারে।
এদিকে রাজধানী ঢাকায় এখনো শীতের উপস্থিতি স্পষ্ট নয়। রাতের দিকে ঠান্ডা বাতাস বইলেও দিনের আবহাওয়া থাকছে তুলনামূলক উষ্ণ। অন্যদিকে, ঢাকাসহ কয়েকটি বিভাগের আকাশ মেঘে ঢাকা থাকায় মাঝেমধ্যে বৃষ্টিও হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে বুধবার সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় এবং দেশের বাকি ছয় বিভাগের বিচ্ছিন্ন কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে আবহাওয়ার এই পরিস্থিতি কাটিয়ে ডিসেম্বর থেকে শীতের তীব্রতা বাড়তে পারে। পুরো শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


