Last Updated on 32 seconds by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর কাছে অর্থায়ন পৌঁছানোর ক্ষেত্রে অনুদানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।
তিনি বলেছেন, জলবায়ু মোকাবিলায় দেওয়া অর্থ যেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছায় এবং এ সহায়তা নিতে গিয়ে তাদের ঋণের বোঝা আরও ভারী না হয়।
তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে কমনওয়েলথ সেক্রেটারিয়েট আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
বুধবার (১১ নভেম্বর) এক বার্তায় খলিলুর রহমান জানান, ছোট দ্বীপরাষ্ট্র ও জলবায়ু পরিবর্তনের কারণে অধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কার্যকর জলবায়ু অর্থায়নব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ওই অনুষ্ঠানে আলোচনা হয়েছে। সেখানে তিনি অর্থায়নের সুফল প্রকৃত প্রয়োজনীয় দেশগুলোর কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ লক্ষ্য অর্জনে তিনটি বিষয়ে বিশেষ পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেন তিনি। এর মধ্যে রয়েছে—ছোট দ্বীপরাষ্ট্র ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুদানভিত্তিক সহায়তাকে অগ্রাধিকার দেওয়া, অর্থায়নের আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় প্রতিষ্ঠানকে আরও সক্ষম করে তোলা।
খলিলুর রহমানের মতে, প্রয়োজনীয় নথিপত্রের সংখ্যা কমিয়ে অর্থায়নের অনুমোদন দ্রুত করতে হবে। একই সঙ্গে জাতীয় প্রতিষ্ঠান গুলোকে শক্তিশালী করতে হবে, যাতে সংশ্লিষ্ট দেশগুলো নিজেদের উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবায়নযোগ্য ও অর্থায়নের উপযোগী প্রকল্পে রূপ দিতে পারে।
তিনি আরও বলেন, সহজ শর্তে জলবায়ু অর্থায়ন পাওয়ার যোগ্যতা নির্ধারণে শুধু কোনো দেশের আয় বিবেচনা করলে চলবে না। দেশটি জলবায়ু পরিবর্তনের কারণে কতটা ঝুঁকিতে রয়েছে, সেটিও সমান গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করতে হবে।
এ ছাড়া জলবায়ু অর্থায়নের সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৭ সালের এসডিজি শীর্ষ সম্মেলন পর্যন্ত এসব অগ্রাধিকার বাস্তবায়নে কাজ চালিয়ে যাবে বলে জানান খলিলুর রহমান।
জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাস্তব প্রয়োজন মেটানোর উপযোগী করে তুলতে এখন থেকেই কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।


