Last Updated on 2 hours by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সাফ টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে হামজা চৌধুরীর দল। বাংলাদেশের এই জয়ে বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে। অন্যদিকে গোল ব্যবধানে এগিয়ে থাকায় মাত্র ১ পয়েন্ট নিয়েও শেষ চারে উঠেছে ভুটান।
গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশের সংগ্রহ পূর্ণ ৬ পয়েন্ট। বিপরীতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বড় জয়ের ফলে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লঙ্কানরা।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। বিপরীতে বাংলাদেশের রক্ষণ ভাঙতে তেমন কোনো কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি শ্রীলঙ্কা।
ম্যাচের অষ্টম মিনিটেই গোলের খাতা খোলে বাংলাদেশ। ডান দিক থেকে হামজা চৌধুরীর বাড়ানো বল সামলাতে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তাঁর হাত ফসকে বল বেরিয়ে এলে ফিরতি সুযোগ কাজে লাগিয়ে জালে পাঠান শমিত সোম।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান অধিনায়ক হামজা চৌধুরী। ৪৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের পেনাল্টি এলাকায় ঢুকে শক্তিশালী শটে বল জালে জড়ান তিনি। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই গোলের দেখা পেলেন হামজা।
বিরতির পর বাংলাদেশের তৃতীয় গোলটি আসে ৫৩ মিনিটে। ডি-বক্সের বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। পথে শ্রীলঙ্কার চারজন ডিফেন্ডারকে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। অসাধারণ এই ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ়ভাবে নিজেদের হাতে নেয় বাংলাদেশ।
বোরহামউড এফসির এই তরুণের গোল দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন অধিনায়ক হামজা চৌধুরী। মাঠে ছুটে গিয়ে ফারহানকে বুকে জড়িয়ে অভিনন্দন জানান তিনি। ম্যাচের আগে শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরিও ফারহানের প্রতিভার প্রশংসা করেছিলেন। তাঁর মতে, আগামী এক দশকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলার হওয়ার সামর্থ্য রয়েছে এই তরুণের।
তিন গোলে এগিয়ে যাওয়ার পর দলের অন্য খেলোয়াড়দেরও সুযোগ করে দেন কোচ থমাস ডুলি। নিয়মিত একাদশের কয়েকজনকে বিশ্রাম দিয়ে মাঠে নামান শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও জামাল ভূঁইয়াকে।
ম্যাচের ৮৭ মিনিটে রাকিব হোসেনের গোলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। দৌড়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে পেছনে ফেলে লঙ্কান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে বল জালে পাঠান তিনি। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সিতে গোল পেলেন এই ফরোয়ার্ড।
গ্রুপ পর্বের লড়াই শেষ করে এবার সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে দুই দল মাঠে নামবে। একই দিন প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে ভুটান।
সাফ টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে উল্লেখ করেছিলেন হামজা চৌধুরী। গ্রুপ পর্বে দুই জয়, প্রতিপক্ষের জালে চার গোল এবং নিজেদের গোলপোস্ট অক্ষত রাখার সাফল্য নিয়ে এবার শেষ চারের লড়াইয়ে নামবে বাংলাদেশ।


