Last Updated on 2 hours by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: শুরুতেই ২২ রানে ৩ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। তাঁর অসাধারণ শতকের সঙ্গে লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
দিন শেষে ৬ উইকেটে ৩২৭ রান তুলেছে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ঘরে কিংবা প্রতিপক্ষের মাঠে—কোনো জায়গাতেই এর আগে এত রান করতে পারেনি বাংলাদেশ।
দিনের শেষ বলে মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন হৃদয়। আউট হওয়ার পর হতাশায় হেলমেট ছুড়ে মারেন তিনি। তবে তাঁর বিদায়ের আগেই বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় এক স্মরণীয় ইনিংসের গল্প। অন্য প্রান্তে লিটন দাস ৯২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
অথচ দিনের শুরুটা ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতো। নতুন বলে কাগিসো রাবাদার গতি ও বাউন্স সামলাতে পারেননি ব্যাটসম্যানরা। অভিষেক টেস্ট খেলতে নামা মাহফিজুল ইসলাম প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। এক ওভার পর উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন মুমিনুল হক। এরপর নাজমুল হোসেনের স্টাম্প ভেঙে দেন রাবাদা। ফলে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
সেই কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন হৃদয় ও তানজিদ। দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলাতে হৃদয় কৌশল বদলে বারবার অফ স্টাম্পের বাইরে সরে গিয়ে বল মোকাবিলা করেন। এতে এলবিডব্লুর ঝুঁকি কমিয়ে বেশ কয়েকটি আবেদন থেকে রক্ষা পান তিনি। শেষ পর্যন্ত অবশ্য এলবিডব্লু হয়েই তাঁর ইনিংস থামে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য রান করা যে কতটা কঠিন, তা বোঝা যায় প্রায় ২৪ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড ভাঙার ঘটনায়। ২০০২ সালে হান্নান সরকার ও হাবিবুল বাশারের গড়া ৮৪ রানের জুটিই এত দিন ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। গতকাল হৃদয় ও তানজিদ সেই রেকর্ড ছাড়িয়ে যান।
মধ্যাহ্ন বিরতির পর আবার আক্রমণে ফেরেন রাবাদা। তাঁর বলের সামনে শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও ধীরে ধীরে ছন্দ খুঁজে পান হৃদয় ও তানজিদ। তবে রাবাদার স্পেলের পঞ্চম ওভারে ৬৭ রান করা তানজিদ বাউন্সার সামলাতে না পেরে নিজের স্টাম্পে বল টেনে এনে বোল্ড হন। তাঁদের ৯৯ রানের জুটি ভাঙার পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম পাঁচটি উইকেটই তুলে নেন রাবাদা। এতে আবারও বড় বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়।
সেই চাপ সামাল দিতে হৃদয়ের সঙ্গে জুটি বাঁধেন লিটন দাস। পুরোনো বলের সুবিধা কাজে লাগিয়ে দুজনই আত্মবিশ্বাসের সঙ্গে রান তুলতে থাকেন। ১৪০ বলে তাঁদের জুটি শতরানের ঘর অতিক্রম করে। এর আগেই অর্ধশতক পূর্ণ করেন হৃদয়।
লিটনও আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিজের ফিফটি তুলে নেন। মাত্র ৭১ বলে ৮টি চারের সাহায্যে পঞ্চাশ ছোঁন তিনি। পুল, সুইপ ও কাট শটে বোলারদের ওপর চাপ তৈরি করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। অন্যদিকে হৃদয় এক প্রান্ত আগলে রেখে ধৈর্য, কৌশল ও নিখুঁত ব্যাটিংয়ে দলের সংগ্রহ বাড়াতে থাকেন।
দিনের শেষ ভাগে মাহমুদুল হাসানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম টেস্ট শতককে পরে দ্বিশতকে রূপ দেওয়া এই ব্যাটসম্যান এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় মাহমুদুলের পাশে জায়গা করে নেন।
টেস্ট ক্যারিয়ারের মাত্র সপ্তম ইনিংসেই পাঁচশ রানের মাইলফলক অতিক্রম করেছেন হৃদয়। তাঁর চেয়ে কম ইনিংসে টেস্টে ৫০০ রান পূর্ণ করার কৃতিত্ব রয়েছে ইতিহাসের মাত্র ৯ জন ব্যাটসম্যানের।
হৃদয় সাজঘরে ফিরলেও লিটন দাস ৯২ রানে অপরাজিত রয়েছেন। দুজনের ২০৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ জুটি—দেশের মাটিতে ও বিদেশের মাঠ মিলিয়ে।
দিন শেষে সম্প্রচার মাধ্যমের সঙ্গে আলাপকালে লিটন জানান, নির্ধারিত পরিকল্পনা অনুসরণ করে ব্যাটিং করা এবং নিয়মিত রান তোলাই ছিল তাঁদের লক্ষ্য। হৃদয়ের সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে সন্তুষ্ট এই ব্যাটসম্যান।


