সময়ের জনমাধ্যম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫, স্ত্রী রুকমীলার ১০ বছরের কারাদণ্ড

Last Updated on 7 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় তাঁর স্ত্রী ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার আরও ১৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকি ১৯ আসামি খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বাংলানিউজকে জানান, মামলায় মোট ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছেন আদালত। তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১৯ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রায়ে জাবেদকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও এক মাস কারাভোগ করতে হবে। এ ছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাচার করা অর্থের দ্বিগুণ হিসেবে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা দিতে না পারলে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাঁর। দুই আইনে সব মিলিয়ে জাবেদের কারাদণ্ডের মেয়াদ ১৫ বছর।

তাঁর স্ত্রী রুকমীলা জামানকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তাঁকে আরও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফলে তাঁর মোট সাজা হয়েছে ১০ বছর।

দুদকের পিপি জানান, মামলার অন্য দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, মো. আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, মো. আব্দুল হামিদ চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান ও উৎপল পাল রয়েছেন। তাঁদের প্রত্যেককে বিভিন্ন ধারায় পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আব্দুল হামিদ চৌধুরীকে শুধু দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। অন্য আটজনের মধ্যে পৃথক দুটি আইনে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড হয়েছে।

এ ছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন মো. ইয়াছিনুর রহমান, মো. ইউছুফ চৌধুরী, মো. সাইফুল ইসলাম ও মো. শাহ আলম।

অন্যদিকে বজল আহমেদ বাবুল ও এম এ সবুরকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাস করে কারাভোগ করতে হবে।

মামলায় খালাস পাওয়া ১৯ জন হলেন—মোহাম্মদ একরাম উল্লাহ, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দীন হোসাইন, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, আফরোজা জামান, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, আরিফ কাদরী, প্রদীপ কুমার বিশ্বাস, মোহাম্মদ জাহিদ, মো. শহীদ, মো. সুমন, মো. ইলিয়াস তালুকদার ও ওসমান তালুকদার।

যেভাবে আত্মসাতের অভিযোগ

মামলার নথি অনুযায়ী, জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ভিশন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখানো হয়।

অভিযোগ, প্রতিষ্ঠানটির বাস্তব ব্যবসায়িক কার্যক্রম না থাকলেও এর নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয়েছিল। পরে কর্মচারীদের মাধ্যমে ঋণের অর্থ তুলে হুন্ডির সাহায্যে বিদেশে পাঠানো হয়। পাচার করা অর্থ দিয়ে বিদেশে সম্পদ কেনার অভিযোগও রয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে অর্থ আত্মসাতের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান জাবেদ, তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তী তদন্তে আরও সাতজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়ে মোট ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।