Last Updated on 4 hours by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: বিশ্বের তিন প্রভাবশালী রাষ্ট্রের শীর্ষ নেতারা একসঙ্গে বৈঠকে বসলেও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে বড় কোনো সমঝোতার ঘোষণা আসেনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনঝেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি হ্রাস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি সরবরাহ ও জাতিসংঘের সংস্কার নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তিন দেশ একটি যৌথ ঘোষণাও প্রকাশ করে, যার নাম দেওয়া হয়েছে ‘শান্তি ঘোষণা’।
বৈঠকে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ও এর ব্যবহারের ঝুঁকি কমানোর বিষয়ে তিন দেশের সম্মতির কথা জানান ট্রাম্প।
তিনি বলেন, এ ধরনের অস্ত্রের বিস্তার ও ব্যবহারের আশঙ্কা কমাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন একসঙ্গে আলোচনা করতে সম্মত হয়েছে।
বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে শি চিনপিংও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের প্রত্যাশার কথা বলেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ ও ধ্বংস করার পক্ষে অবস্থান জানিয়েছেন তিনি।
অন্যদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিন দেশের সম্মিলিত বিজয়ের প্রসঙ্গ উল্লেখ করে পুতিন বলেন, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দেশগুলোর যৌথ দায়িত্ব রয়েছে।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় বলা হয়েছে, ‘পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষেরই জয়ী হওয়ার সুযোগ নেই এবং এ ধরনের যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসংক্রান্ত সর্বশেষ চুক্তিটির মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে।
শেনঝেনে শি ও পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক চলে ৮১ মিনিট। আলোচনা শেষে চীন ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠক-পরবর্তী ক্রেমলিনের প্রকাশ করা একটি ভিডিওতে পুতিনকে শির উদ্দেশে বলতে শোনা যায়, সবকিছু এত ভালোভাবে সম্পন্ন হবে—এমনটা কেউ আশা করেননি। শি বৈঠকটিকে ইতিবাচক, গঠনমূলক ও অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেন।
তবে পারমাণবিক অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে তিন নেতার বক্তব্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। শি এসব অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করে ধ্বংস করার পক্ষে মত দিলেও ট্রাম্প মনে করেন, একবার পারমাণবিক অস্ত্রের মালিক হলে তা ছেড়ে দেওয়া কঠিন। তাঁর ভাষায়, জীবন এভাবেই চলে।
আলোচনায় হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বও তুলে ধরেন ট্রাম্প। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথ একাধিকবার বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
শি চিনপিং বলেন, ট্রাম্পের বর্তমান মেয়াদে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক স্থিতিশীল হয়েছে। পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাদা বৈঠকও হয়, যা প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। গত বছর আলাস্কায় সাক্ষাতের পর এই প্রথম মুখোমুখি আলোচনায় বসেন দুই নেতা। পুতিনকে বন্ধু উল্লেখ করে ট্রাম্প বলেন, তাঁদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে এবং এ বৈঠক থেকে ইতিবাচক ফল আসতে পারে।
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের বিষয়ে ট্রাম্প জানান, এ খাতে কোনো বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা যুক্তরাষ্ট্র মেনে নেবে না।
আন্তর্জাতিক ভূরাজনীতি বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক অস্ত্র এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে তিন দেশের মধ্যে মতপার্থক্য থাকায় বড় কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন। তবে বিশ্বের তিন প্রধান শক্তির নেতাদের এক মঞ্চে উপস্থিতি এবং শান্তির পক্ষে যৌথ বার্তা দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে ছোট ও তুলনামূলক দুর্বল রাষ্ট্রগুলোর মধ্যে এ বৈঠক নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, বড় শক্তিগুলোর পারস্পরিক সমঝোতার প্রক্রিয়ায় ছোট দেশগুলোর আঞ্চলিক স্বার্থ উপেক্ষিত হতে পারে। সূত্র, দ্য গার্ডিয়ান, আলজাজিরা ও সিএনএন

