Last Updated on 3 hours by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে গণহত্যার উদ্দেশ্য ছিল বলে সিদ্ধান্ত দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ ঘটনায় মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের জন্য দায়ী করা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও নিরাপদে নিজ আবাসস্থলে ফেরার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে প্রায় তিন ঘণ্টা ধরে রায় পড়ে শোনান আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেন। আইসিজের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করা হলো।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর লক্ষ্য ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করা। ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এ সময় ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার পথে রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটে।
আইসিজে জানায়, নিরাপত্তা বাহিনীর নৃশংসতার যেসব প্রমাণ পাওয়া গেছে, সেগুলো থেকে গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। অভিযানে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বেসামরিক ব্যক্তিরাও অংশ নিয়েছিল। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর অস্তিত্বের ঝুঁকি সম্পর্কে মিয়ানমার কর্তৃপক্ষের সচেতন থাকার কথা ছিল। কিন্তু গণহত্যা প্রতিরোধে দেশটি প্রয়োজনীয় দায়িত্ব পালন করেনি।
আদালত আরও বলেছেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদের আওতায় মিয়ানমার একাধিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের গণহত্যায় অংশ নেওয়া ঠেকানো, অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত কার্যকর আইন প্রণয়ন করা। তবে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনে বেসামরিক ব্যক্তিদের সরাসরি ও প্রকাশ্যে উসকানি দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিচারকেরা।
২০২০ সালের ২৩ জানুয়ারি দেওয়া অন্তর্বর্তী আদেশও মিয়ানমার মানেনি বলে রায়ে উল্লেখ করা হয়েছে। ওই আদেশে গণহত্যার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ নষ্ট না করে সংরক্ষণের জন্য কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছিল।
মিয়ানমারকে যেসব নির্দেশ দিয়েছেন আদালত
গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদের বাধ্যবাধকতা পূরণে মিয়ানমারকে বেশ কিছু পদক্ষেপ নিতে বলেছেন আইসিজে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—
* গণহত্যা প্রতিরোধে সনদের সব বাধ্যবাধকতা কার্যকর করে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা।
গণহত্যা বা এ-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করা।
* অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার ও শাস্তি নিশ্চিত করা।
* ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকানোর নিশ্চয়তা দেওয়া।
* বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করা।
* রোহিঙ্গা পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়া।
আদালত বলেছেন, মিয়ানমারের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা দেশের ভেতরে কিংবা বাইরে যেখানেই থাকুন, তাঁদের নিরাপদে ও স্বেচ্ছায় নিজ আবাসস্থলে ফেরার সুযোগ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ ও প্রদানের পদ্ধতি মামলার পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে।
এ জন্য রায়ের তারিখ থেকে দুই বছরের মধ্যে মিয়ানমারকে আইসিজেতে একটি প্রতিবেদন জমা দিতে হবে। সেখানে ক্ষতিপূরণ ও পুনর্বাসনে নেওয়া পদক্ষেপ এবং ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাতে হবে।
বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট রাত থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেন। পরবর্তী কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেন।
এই নিপীড়নের ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। প্রায় সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করা হলো।
এর আগে ১৯৯৪ সালে রুয়ান্ডার হত্যাযজ্ঞ, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় হত্যাকাণ্ড এবং ১৯৭০-এর দশকের শেষ দিকে কম্বোডিয়ায় খেমাররুজের নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
রায় কার্যকর নিয়ে অনিশ্চয়তা
মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ মনে করা হলেও রায় বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আইসিজের রায় চূড়ান্ত হলেও তা কার্যকর করার সরাসরি ক্ষমতা আদালতের সীমিত। এ ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে সংশয় রয়েছে। চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে কঠোর ব্যবস্থা নেওয়ার পথে বাধা দিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্রেরও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ দেখা গেছে। ফলে আইসিজের রায় বাস্তবায়নে ওয়াশিংটনের অবস্থান কী হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষ থেকে গাম্বিয়ার করা মামলার এই রায় গাজায় ফিলিস্তিনিদের ওপর সংঘটিত গণহত্যার অভিযোগের জবাবদিহির দাবিকেও নতুন করে জোরালো করতে পারে বলে মনে করা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, আইসিজের রায় রোহিঙ্গাদের জন্য ইতিবাচক অর্জন। এর প্রভাব বাংলাদেশের জন্যও ইতিবাচক হতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানের পরবর্তী পদক্ষেপ নির্ধারণেও এ রায় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের জ্যেষ্ঠ গবেষণা ফেলো মোহাম্মদ সুফিউর রহমান গনমাধ্যমকে বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের চালানো গণহত্যা আইসিজের রায়ের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এটি রোহিঙ্গাদের জন্য নৈতিক বিজয় এবং সংকট সমাধানের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।
তিনি বলেন, রায় বাস্তবায়নের জন্য মিয়ানমারকে দুই বছরের সময়সীমা বেঁধে দেওয়া তাৎপর্যপূর্ণ। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে দেশটির ওপর চাপ বাড়বে।
রায় কার্যকরের বিষয়ে সাবেক এই কূটনীতিকের মত, এ ক্ষেত্রে আইসিজের সরাসরি করণীয় সীমিত। জাতিসংঘ সনদের ৮ অনুচ্ছেদ অনুযায়ী, রায় বাস্তবায়নের দায়িত্ব জাতিসংঘ তথা নিরাপত্তা পরিষদের ওপর বর্তাবে।


