সময়ের জনমাধ্যম

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত

মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার করা লোকজন । ছবি: সংগৃহীত

Last Updated on 14 hours by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।

অভিযান চলাকালে পাচারকারীদের জিম্মায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চক্রটির পাঁচ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি বন্দুক এবং চারটি গুলি উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রঙ্গীখালীর গহিন পাহাড়ে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানব পাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে আটকে রেখেছে।

এ তথ্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ শুরু হয়। একপর্যায়ে সৈনিক তিতাস শেখের বাঁ কাঁধে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কাছের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আফজাল হোসেন। তিনি বিবাহিত ছিলেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।