সময়ের জনমাধ্যম

নেপালের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশও

Last Updated on 1 day by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: নেপালে আঘাত হানা ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে দেশটির কোশি প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাব বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে এ ভূকম্পন ঘটে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এনসিএসের দেওয়া তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। এর ভৌগোলিক অবস্থান ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মাঙ্গান শহর থেকে ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভূমিকম্পের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়। সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের কয়েকটি জেলার বাসিন্দারা ভূমিকম্পের ঝাঁকুনি টের পেয়েছেন। তবে কোন কোন এলাকায় কম্পনের তীব্রতা বেশি ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।তথ্যসূত্র: নিউজ১৮