Last Updated on 2 hours by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: লাল বলের অভিজাত ক্রিকেটে মাত্র যাত্রা শুরু করা তানজিদ হাসান তামিম অস্ট্রেলিয়ার মাটিতে এক অবিস্মরণীয় কীর্তি গড়েছেন।
ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডদের মতো বিশ্বসেরা বোলিং আক্রমণের সামনে দাঁড়িয়ে তিনি হাঁকিয়েছেন বীরত্বপূর্ণ এক সেঞ্চুরি।
দীর্ঘ ২৩ বছর পর ডারউইনের একই মাঠে ফিরে বাংলাদেশ আজ যেন এক নতুন সোনালি অধ্যায়ের সূচনা করল। পেসার হাসান মাহমুদের বিধ্বংসী ৬ উইকেটের পর তানজিদ হাসানের এই শতক ম্যাচটিকে ইতোমধ্যেই ঐতিহাসিক রূপ দিয়েছে।
নিজের ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে খেলতে নেমে তানজিদ আজ ভেঙে দিয়েছেন দীর্ঘ ২১ বছরের একটি পুরোনো রেকর্ড। ২০০৩ সালে সাবেক ওপেনার হান্নান সরকার অস্ট্রেলিয়ার মাটিতে ৭৬ রান করেছিলেন, যা এতদিন পর্যন্ত টেস্টে কোনো বাংলাদেশি ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ছিল। তানজিদ আজ সেই রেকর্ড ছাপিয়ে ক্যাঙ্গারুর দেশে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করার বিরল গৌরব অর্জন করলেন।
৬৪তম ওভারে ১৮৮ বলে ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে তিনি এই মাইলফলকে পৌঁছান। নাথান লায়নের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করার পর হেলমেট খুলে অজি দর্শকদের অভিবাদনের জবাবে আবেগী উদযাপনে মাতেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।
এর আগে অভিষেকের প্রথম টেস্টে তানজিদের সর্বোচ্চ ইনিংসটি ছিল মাত্র ২৬ রানের। অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সুযোগটি পেয়ে আর হাতছাড়া করেননি এই তরুণ ব্যাটার। কঠিন কন্ডিশনে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেওয়ার পর তা ঠান্ডা মাথায় দারুণভাবে সেঞ্চুরিতে রূপ দেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬ ম্যাচে ৫টি শতক ও ৬টি অর্ধশতকের পরিসংখ্যানই বলে দেয়; ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার ক্ষেত্রে তিনি বেশ পরিপক্ব।


