Last Updated on 1 hour by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: সৌদি আরব ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল। চার বছর পর আরেক দক্ষিণ আমেরিকান শক্তির বিপক্ষেও লড়াই করল তারা।
এবারে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে জয় পেতে দেয়নি সৌদি আরব। গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে উরুগুয়ে।
প্রথমার্ধে আবদুলেলাহ আল-আমরির গোলে এগিয়ে যায় সৌদি আরব। শেষ পর্যন্ত ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর ৮০তম মিনিটের গোলে হার এড়ায় মার্সেলো বিয়েলসার দল। চার বছর আগে কাতার বিশ্বকাপে সৌদি আরব ২-১ গোলে হারিয়েছিল তখনকার অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে। পরে সেই আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতেছিল।
প্রথমার্ধে উরুগুয়ের খেলায় তেমন ধার ছিল না। বলের দখলে এগিয়ে থাকলেও আক্রমণে স্পষ্টতা ছিল কম। অন্যদিকে সৌদি আরব আক্রমণে খুব বেশি ওঠেনি, তবে যখনই উঠেছে তখনই উরুগুয়ের রক্ষণে ভয় ধরিয়ে দিয়েছে।
৪১তম মিনিটে সেই আক্রমণ থেকেই গোল পায় সৌদি আরব। আল-জুওয়াইরের কর্নার থেকে জোরালো হেড নেন মোহাম্মদ কান্নো। উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা সেটি ফিরিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। দ্রুত প্রতিক্রিয়ায় ফিরতি বল জালে পাঠান আল-আমরি। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় সৌদি আরব।
বিরতির পর চাপ বাড়ায় উরুগুয়ে। তাদের একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে পড়েন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। পুরো ম্যাচে তাকে করতে হয় মোট ৯টি সেভ।
৬০তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল উরুগুয়ে। রদ্রিগো বেনতানকুরের স্কয়ার পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে নিচু শট নেন মানুয়েল উগার্তে। আল-ওয়াইস তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেননি, তবে বল পোস্টে লেগে ফিরে আসলে বেঁচে যায় সৌদি।
চাপ বাড়িয়েও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না উরুগুয়ে। শেষ পর্যন্ত ৮০তম মিনিটে আসে স্বস্তির মুহূর্ত। সানাব্রিয়ার ক্রস থেকে হেড নেন ফেদেরিকো ভিনিয়াস। বল সরাসরি আল-ওয়াইসের দিকে গেলেও তিনি সেটি ধরে রাখতে পারেননি। ফিরতি বল পেয়ে ছয় গজ দূর থেকে কঠিন কোণ দিয়ে জালে পাঠান আরাউহো।
সমতা ফেরার পরও জয়ের চেষ্টা চালায় উরুগুয়ে। শেষ বাঁশির আগে ফেদেরিকো ভালভের্দের নিচু বাঁকানো শট ঠেকিয়ে দেন আল-ওয়াইস। নইলে শেষ মুহূর্তে জয়ের স্বাদও পেতে পারত দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ড্রয়ে গ্রুপ ‘এইচ’-এ পয়েন্ট ভাগাভাগি করল সৌদি আরব ও উরুগুয়ে। এর আগে একই গ্রুপে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দে। ফলে গ্রুপের শুরুটাই হলো টানা দুই ড্র দিয়ে।


