সময়ের জনমাধ্যম

মিরপুরে ‘নাহিদ শো’ পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ!

Last Updated on 18 hours by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: মিরপুরে দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলেন তরুণ পেসার নাহিদ রানা। তার বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। পরে ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচ সহজ করে দেন ওপেনার তানজিদ হাসান তামিম। ফলে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ।

বুধবার (১১ মার্চ) ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সামনে অসহায় দেখায় পাকিস্তানের ব্যাটারদের।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ৩০ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ১১৪ রান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বাহিরে রেখে নতুন কয়েকজনকে নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। বাবর আজম, শাদাব খান, মোহাম্মদ হারিস, ফখর জামানদের রাখা হয়নি দলে। তাদের অনুপস্থিতিতে আজ পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছে চার জনের। তারুণ্য নির্ভর পাকিস্তান খাবি খেয়েছে বাংলাদেশি বোলিং আক্রমণের সামনে।

বাংলাদেশ রান তাড়ার লড়াইয়ের শুরুটা অবশ্য ভালো করতে পারেনি। ওপেনার সাইফ হাসান ফিরেছেন দ্রুতই। ১০ বলে ৪ রান করা সাইফ শাহিন শাহর বলে ক্যাচ দিয়েছেন শামিল হাসানের হাতে।

তবে তারপর পাকিস্তানের বোলিং আক্রমণকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। বিশেষ করে তরুণ তানজিদ হাসান তামিম। তিনে নামা নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে দ্রুত রান তুলেছেন তানজিদ।

১৫.১ ওভারে বাংলাদেশের যখন জয় নিশ্চিত হলো তানজিদ তখন ৪২ বলে ৬৭ রানে অপরাজিত। তানজিদ চার হাঁকিয়েছেন ৭টি, ছক্কা ৫টি। আগেই শান্ত ফিরে যান ৩৩ বলে ৫টি চারে ২৭ রান করে।

এর আগে নাহিদ রানা ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। আগে বোলিং করতে নেমে শুরুটা অবশ্য স্বস্তির ছিল না বাংলাদেশের। পাকিস্তানের তুই ওপেনার প্রথম উইকেট জুটিতে তোলেন ৪১ রান। দশম ওভারে প্রথমবার বোলিং করতে আসেন নাহিদ রানা। সেই থেকেই পাকিস্তানি ব্যাটারদের নাচিয়েছেন বাংলাদেশের দীর্ঘদেহী পেসার।

পাকিস্তানের প্রথম পাঁচ উইকেটের পাঁচটিই নেন নাহিদ। একে একে ফেরান শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগাকে। সঙ্গে মেহেদি হাসান মিরাজও ভালো বোলিং করেছেন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানও তাতে যোগ দিলেন।

সব মিলিয়ে ৩০.৪ ওভারে ১১৪ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। আট নম্বরে নেমে ৩৭ রান করা ফাহিম আশরাফিই পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ স্কোরার। ওপেনার শাহিবজাদা ফারহান করেছেন ২৭ রান।