Last Updated on 2 hours by zajira news
স্পাের্টস ডেস্ক, জাজিরা নিউজ: প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গেও ব্রাজিল ড্র করলেও গত বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনার হারের কথা মনে করিয়ে দিলেন ব্রাজিলের সাবেক তারকা কাকা।
প্রথম ম্যাচেই কি বিশ্বকাপ জিতে ফেলা যায়? কত পথ এখনও পাড়ি দেওয়ার বাকি! গত বিশ্বকাপেই তো প্রথম ম্যাচ হেরেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে গেল আর্জেন্টিনা! এভাবেই ব্রাজিল দলকে উজ্জীবিত করার চেষ্টা করলেন কাকা। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা ভরসা রাখছেন কোচ আনচেলত্তির ওপরও।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে গিয়েছিল সৌদি আরবের কাছে। সেই সৌদি আরব পরের দুই ম্যাচই হেরে গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয়। গ্রুপের বাকি দুই ম্যাচ জয়ের পর লিওনেল মেসির দল টানা জয়রথে চেপে ট্রফি জিতে নেয় ৩৬ বছরের খরা ঘুচিয়ে।
লাতিন প্রতিদ্বন্দ্বিদের সেই স্মৃতি এবার কাকা মনে করছেন ব্রাজিলের শুরুটাও ভালো হয়নি বলে। প্রথম ম্যাচে তারা হারেনি বটে, তবে ড্র করেছে মরক্কোর সঙ্গে। শুধু ম্যাচের ফলাফলই নয়, ব্রাজিলের খেলার ধরনেও আশার জায়গা ছিল কমই।
কিংবদন্তি রোনালদো ও সাবেক সতীর্থদের কয়েকজনের সঙ্গে গ্যালারি থেকেই ম্যাচটি দেখেছেন কাকা। শুরুতেই এত হতাশার কিছু দেখছেন না তিনি। এসি মিলান ও রেয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডার ইএসপিএনকে বললেন, রোমাঞ্চের এখনও বাকি আছে অনেক।
“প্রথম ম্যাচেই কোনো দল বিশ্বকাপ জিতে যায় না। সাম্প্রতিক উদাহরণই তো আছে আমাদের সামনে। আর্জেন্টিনা প্রথম ম্যাচ হারার পরও বিশ্বকাপ জিতেছিল (২০২২ আসরে)। বিশ্বকাপের মতো আসরের নানা বাস্তবতা বোঝাতে এটিই যথেষ্ট।” পরের ম্যাচের আগে যে দলকে উন্নতি করতে হবে, সেটিও অবশ্য বললেন ৪৪ বছর বয়সী সাবেক ফুটবলার।
“হ্যাঁ, ম্যাচটি উত্তেজনাপূর্ণ ছিল, স্নায়ুচাপের লড়াই ছিল। কিন্তু এখন সময় থাকবে আরও প্রস্তুতি নেওয়ার এবং যা যা ভুল হয়েছে, তা শুধরে নেওয়ার। বিশ্বকাপে টিকে থাকার জন্য দ্বিতীয় ম্যাচে আরও অনেক ভালো খেলতে হবে।”
ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলা এই তারকার বিশ্বাস, বিশ্বমঞ্চে কার্লো আনচেলত্তির এটি প্রথম অভিযান হলেও অভিজ্ঞতা দিয়েই তিনি দলকে এগিয়ে নেবেন।
“যদিও এটা তার (আনচেলত্তি) প্রথম বিশ্বকাপ, তার পরও চাপের মুহূর্তে, কঠিন সময়ে এবং যখন সমাধান বের করতে হয়, তখন পথ বের করার মতো অভিজ্ঞতা তার অবশ্যই আছে।” “এজন্যই আমি বিশ্বাস করি, তিনি ঠিকই উপায় খুঁজে নেবেন দলকে পথে ফেরানোর।”
ব্রাজিলের পরের ম্যাচ হাইতির বিপক্ষে, বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে।

