Last Updated on 2 months by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট স্পেন। তবে কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করে টুর্নামেন্ট শুরু করে তারা। তবে দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরেছে স্পেন। মিকেল ওয়াইরসাবালের জোড়া গোলে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা।
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ৭১ মিনিটের সময় বদলি হিসেবে নেমেছিলেন ইয়ামাল। তবে সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান তিনি। প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করলেন ইয়ামাল।
ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক গোলে স্পেনকে শুরুতেই এগিয়ে দেন ইয়ামাল। এরপর ম্যাচের ২১ ও ২৪ মিনিটে সৌদি আরবের জালে দুইবার বল পাঠান মিকেল ওয়াইরসাবাল।
এরপরও বেশ কিছু আক্রমণ করে স্পেন। তবে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।
বিরতি থেকে ফিরেই আবারও গোলের দেখা পায় স্পেন। এবার অবশ্য নিজেদের জালেই বল জড়ায় সৌদি আরব। ম্যাচের ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও হাসান আল তামবাকতির শরীরে লেগে ঢুকে যায় জালে।
এরপর ম্যাচের যোগ করা সময়ে ডান প্রান্ত থেকে পেদ্রো পোরোর ক্রসে পা ছুঁইয়ে গোল করেন ফেরান তোরেস। তবে ভিএআরের হস্তক্ষেপে অফসাইডের কারণে স্পেনের পঞ্চম গোলটি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।


