Last Updated on 35 seconds by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশে হাসপাতাল ও কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা হামের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করছেন। টিকাদানের হার বাড়লেও হামের সংক্রমণ বেড়েছে। ২০০৫ সালের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এবারই সবচেয়ে প্রাণঘাতী হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
হাম একটি ভাইরাসজনিত রোগ। এতে শরীরে লালচে দাগ ও ফুসকুড়ি দেখা দেয়। ফ্লুর মতো উপসর্গও হয়। তবে এই রোগ থেকে নিউমোনিয়া, মস্তিষ্ক ফুলে যাওয়ার মতো গুরুতর ও প্রাণঘাতী জটিলতা হতে পারে।

গত ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশে হামের সন্দেহভাজন রোগী ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জন। এ সময়ে নিশ্চিত হাম বা উপসর্গে মারা গেছেন ১ হাজার ৪৪ জন। সংক্রমিতদের বেশির ভাগই দুই বছরের কম বয়সী শিশু, যারা টিকা পায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে এ রোগের প্রকৃত চিত্র পাওয়া কঠিন। এসব এলাকায় প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও টিকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটির স্বাস্থ্য যোগাযোগবিষয়ক গবেষক এবং ইউনিসেফ বাংলাদেশের সাবেক যোগাযোগবিশেষজ্ঞ শাকিল ফয়জুল্লাহ বলেন, এই ভাইরাসগুলো কোনো ছাড় দেয় না। নিয়মিত টিকাদান প্রক্রিয়ায় যদি কোনো ছেদ পড়ে, তাহলে তারা দ্রুত আক্রমণ করবে। বাংলাদেশে সেটিই ঘটেছে।
এ বিষয়ে সায়েন্টিফিক আমেরিকান সাময়িকীর পক্ষ থেকে মন্তব্য চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশে বছরে মোট হামের রোগীর সংখ্যা ১০০–৩০০-এর মধ্যে ছিল। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির প্যানডেমিক সেন্টারের পরিচালক জেনিফার নুজো বলেন, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অবিশ্বাস্য রকমের বড় একটি প্রাদুর্ভাব। এর সঙ্গে টিকাদানের হার অস্বাভাবিকভাবে কমে যাওয়ার স্পষ্ট সম্পর্ক রয়েছে।
হামের এই প্রাদুর্ভাব বিশ্বজুড়ে রোগটির নতুন করে ছড়িয়ে পড়ার উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। অথচ টিকার মাধ্যমে হাম প্রতিরোধ করা যায়। একসময় বিশ্বজুড়ে হাম নির্মূলের পথে ছিল।
সম্প্রতি কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে হামের রোগী বেড়েছে। এসব দেশে একের পর এক প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত হামের ৩ হাজার ২৯৪ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে। শুধু এ সপ্তাহেই পেনসিলভানিয়ায় হামে আক্রান্ত হয়ে চতুর্থ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

