সময়ের জনমাধ্যম

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমিরের

Last Updated on 26 seconds by zajira news

জেলা প্রতিনিধি, জাজিরা নিউজ: সরকার আগামী ৯ নভেম্বরের আগে গণভোটের রায় কার্যকরের ঘোষণা না দিলে দাবি আদায়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, জনগণের সমর্থন নিয়ে ১১-দলীয় ঐক্য সাত দফা দাবি বাস্তবায়ন করবে।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা, খুলনা ও কুষ্টিয়াগামী লংমার্চের পথে শরীয়তপুরের নাওডোবা পদ্মা সেতু এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যে জাতি স্বাধীনতার জন্য বুকে গুলি নেয়, সে জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।” তিনি আরও বলেন, জনগণ পাশে থাকলে সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেওয়া হবে।

সাত দফা দাবিতে লংমার্চ

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে এ লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—

গণভোটের রায় বাস্তবায়ন

জুলাই গণহত্যার বিচার

বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন

দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ

প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ

পথসভায় জামায়াত আমির বলেন, সাত দফার প্রধান দাবি গণভোটের রায় বাস্তবায়ন। এই দাবি বাস্তবায়িত না হওয়ায় বাকি ছয়টি দাবি সামনে এসেছে।

তাঁর অভিযোগ, বিএনপি জনগণের রায়কে উপহাস করছে, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করছে। সরকার স্বৈরশাসন অব্যাহত রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি নয়: মামুনুল হক

খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণ সরকারকে চূড়ান্তভাবে ‘লাল কার্ড’ দেখাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

জেলা জামায়াতের আমির আবদুর রব হাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক।

এ সময় খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদসহ ১১-দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।