সময়ের জনমাধ্যম

মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো

Last Updated on 3 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক ৯ দেশের ১৮২ জন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি রয়েছেন।

অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস অভিবাসন আটককেন্দ্র থেকে তাঁদের প্রত্যাবাসন করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়ার ৮৫ জন, বাংলাদেশের ৪৫, মিয়ানমারের ২৫, পাকিস্তানের ১৫, ভারতের ৩, থাইল্যান্ডের ৩, কম্বোডিয়ার ৩, শ্রীলঙ্কার ২ এবং চীনের ১ জন নাগরিক রয়েছেন।

অভিবাসন বিভাগ জানায়, প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে আটক ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। তাঁদের অধিকাংশের বৈধ পাসপোর্ট ছিল। যাঁদের পাসপোর্ট ছিল না, তাঁদের কয়েকজনকে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে জরুরি ভ্রমণ নথি দেওয়া হয়। ওই নথির ভিত্তিতেই তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তিকে অভিবাসন বিভাগের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিষেধাজ্ঞার নির্ধারিত সময় শেষ না হওয়া পর্যন্ত তাঁরা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

এদিকে, আটক অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে পেকান নেনাস আটককেন্দ্রে বিশেষ সেবাকেন্দ্র চালু রেখেছে কর্তৃপক্ষ। সেখান থেকে দেশে ফেরার বিমান টিকিট কেনা এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা যায়। এ সেবার জন্য কোনো ফি বা অতিরিক্ত অর্থ নেওয়া হয় না বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

প্রত্যাবাসনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য পেকান নেনাস অভিবাসন আটককেন্দ্রের রেকর্ড ও প্রত্যাবাসন ইউনিটের ০৭-৬৯৯৩৫৪০ নম্বরে যোগাযোগ করতে অথবা বিভাগের অনলাইন অনুসন্ধান ব্যবস্থা ব্যবহার করতে বলা হয়েছে।