Last Updated on 1 hour by zajira news
আন্তজার্তিক ডেস্ক, জাজিরা নিউজ: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। এ জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নিয়ন্ত্রণে আনার অঙ্গীকার করেছেন দলটির নেতারা। ইরান যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনঅসন্তোষ রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
সিনেটে ডেমোক্র্যাটরা অন্তত ৫৪টি আসন পেয়েছে, বিপরীতে রিপাবলিকানদের আসন ৪৪টি। প্রতিনিধি পরিষদেও অন্তত ৩০টি আসন বাড়িয়েছে দলটি। আলাস্কা ও মিসিসিপির ফল তখনও ঘোষণা না হওয়ায় সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেন, নতুন সংখ্যাগরিষ্ঠতা মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো ও সরকারের জবাবদিহি নিশ্চিত করতে কাজ করবে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও ভোটারদের প্রত্যাশা পূরণের আহ্বান জানিয়েছেন।
রিপাবলিকানদের শক্ত ঘাঁটি টেক্সাসে ১৯৮৮ সালের পর প্রথম সিনেট আসন জিতেছে ডেমোক্র্যাটরা। তিন মেয়াদের গভর্নর গ্রেগ অ্যাবটও পরাজিত হয়েছেন। কানসাসে প্রায় এক শতাব্দী পর ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হয়েছেন। সাউথ ক্যারোলাইনায়ও ট্রাম্পের সমর্থিত প্রার্থী হেরেছেন।
নির্বাচনের পর ট্রাম্প হোয়াইট হাউসে নির্মাণাধীন বলরুম দেখাতে সাংবাদিকদের সামনে আসেন। তিনি ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেও নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবশ্য যুদ্ধকেই পরাজয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
জানুয়ারিতে নতুন কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসন ও তাঁর ঘনিষ্ঠদের কর্মকাণ্ড তদন্ত করতে পারে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতার কারণে প্রেসিডেন্টের মনোনীত ব্যক্তিদের নিয়োগ আটকে দেওয়ার ক্ষমতাও থাকবে তাদের।
নির্বাচনে কয়েকটি ঐতিহাসিক অর্জনও এসেছে। মিশিগানে আবদুল আল-সাইদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন। জর্জিয়ায় কেইশা ল্যান্স বটমস দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর এবং নিউ মেক্সিকোতে ডেব হাল্যান্ড প্রথম আদিবাসী নারী গভর্নর হয়েছেন।


