Last Updated on 57 mins by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে সেখানে পৌঁছান তিনি।
এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ে নিজের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় সেখান থেকে হেলিকপ্টারে মোংলার পথে যাত্রা করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া তাঁর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
মোংলার কর্মসূচি শেষে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।


