Last Updated on 4 hours by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় কারাভোগ শেষে ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে থাকা বাংলাদেশি নাগরিকদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
এ কার্যক্রমের অংশ হিসেবে গত ২৫ অক্টোবর দেশটির ক্লান্তান রাজ্যের তানামেরা ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেন হাইকমিশনের একটি প্রতিনিধি দল।
পরিদর্শনকালে ক্যাম্পে আটক ৬১ জন বাংলাদেশির সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা। পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয়। দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্যও সংগ্রহ করেন তাঁরা।
এ সময় ক্যাম্পের কমান্ডারের সঙ্গেও বৈঠক করেন হাইকমিশনের প্রতিনিধিরা। আটক বাংলাদেশিদের সার্বিক সুযোগ-সুবিধা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গুরুত্বারোপ করেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে মালয়েশিয়ায় গিয়ে আটক হয়ে দেশটির কারাগার ও ইমিগ্রেশন ক্যাম্পে রয়েছেন হাজারো বাংলাদেশি। তাঁদের মধ্যে রয়েছেন বৈধ কলিং ভিসায় দেশটিতে যাওয়ার পর দীর্ঘদিন কাজ না পেয়ে অন্যত্র কর্মরত হওয়া ব্যক্তিরা।
এ ছাড়া বৈধ হওয়ার আশায় দালালের প্রলোভনে ভ্রমণ ভিসায় গিয়ে দেশে না ফেরা এবং নির্মাণশ্রমিকের ভিসা নিয়ে সেবা খাতে কাজ করার মতো অভিযোগেও অনেকে আটক হয়েছেন।
এসব বাংলাদেশিকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া এগিয়ে নিতে হাইকমিশন নিয়মিত বিভিন্ন ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করছে।
এদিকে মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বড় ধরনের শাস্তির মুখোমুখি না হয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ চালু রয়েছে।
তবে এ সুযোগের মধ্যেও অভিবাসন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই একক ও যৌথ অভিযানে বিপুলসংখ্যক অভিবাসীকে আটক করা হচ্ছে।


