সময়ের জনমাধ্যম

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য সরকারের

Last Updated on 25 seconds by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: সব প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করতে চায় সরকার।

এ লক্ষ্যে দেশটির কোম্পানি ডিএইচএলের কাছ থেকে এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার এসেছে। ডিসেম্বরের আগেই প্রক্রিয়াটি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কর্মীদের পাঠানো সম্ভব হবে। সরকারের লক্ষ্য ডিসেম্বরের আগেই এ কার্যক্রম শুরু করা। তবে কোনো কারণে এক-দুই দিন বিলম্ব হলে সেটি ভিন্ন বিষয়।

বোয়েসেলের মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী ধাপে ধাপে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। এর প্রথম পর্যায়ে ডিএইচএলে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের জন্য বৃহস্পতিবার থেকে চূড়ান্ত বাছাই শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে রাশেদুল হক বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে বোয়েসেল কাজ করছে। সংস্থাটি স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে। নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রার্থীদের পেশাগত যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রাথমিকভাবে বাছাই করা ৩০০ জন প্রার্থীর মধ্য থেকে দক্ষতা, হাতে-কলমে কাজের সক্ষমতা এবং সংশ্লিষ্ট পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্ত করা হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সরাসরি সাক্ষাৎকার নেবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, পুরো নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংস্থাটির কোনো হস্তক্ষেপ থাকবে না। নিয়োগকর্তা যাঁদের চূড়ান্তভাবে মনোনীত করবেন, তাঁদেরই নির্বাচিত হিসেবে বিবেচনা করা হবে।