Last Updated on 23 seconds by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: দক্ষ জনশক্তি আকর্ষণে স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা (সাবক্লাস ১৮৯) ক্যাটাগরিতে ২০ হাজার অভিবাসন প্রত্যাশীকে আবেদন করার আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যোগ্য পেশাজীবীদের দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরের অক্টোবর মাসে এক দফায় এই আমন্ত্রণ জানানো হয়। দেশটির শ্রমবাজারে যেসব পেশায় দক্ষ কর্মীর চাহিদা রয়েছে, সেসব খাতের যোগ্য ব্যক্তিরা এ সুযোগের আওতায় আবেদন করতে পারবেন।
সাবক্লাস ১৮৯ ভিসা মূলত পয়েন্টভিত্তিক অভিবাসনব্যবস্থা। এ ক্ষেত্রে আবেদনকারীর জাতীয়তার চেয়ে বয়স, পেশাগত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি ভাষায় পারদর্শিতা এবং অন্যান্য নির্ধারিত শর্ত পূরণের বিষয়গুলো বেশি গুরুত্ব পায়। ফলে বাংলাদেশে অবস্থানরত চিকিৎসক, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তিবিদ, শিক্ষক, কৃষিবিজ্ঞানীসহ বিভিন্ন পেশার যোগ্য ব্যক্তিদেরও আবেদনের সুযোগ রয়েছে।
তবে আবেদনকারীর পেশা অস্ট্রেলিয়ার নির্ধারিত পেশাতালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় স্কিলস অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হওয়ার শর্তও রয়েছে। বাংলাদেশের প্রার্থীদের ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা, শিক্ষাগত সনদের গ্রহণযোগ্যতা এবং নিজ নিজ পেশায় কাজের অভিজ্ঞতার প্রমাণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
এই ভিসার অন্যতম সুবিধা হলো, আবেদনকারীর জন্য অস্ট্রেলিয়ার কোনো নিয়োগকর্তার স্পনসরশিপ কিংবা রাজ্য সরকারের মনোনয়ন বাধ্যতামূলক নয়। ভিসা পেলে একজন অভিবাসী দেশটির যেকোনো স্থানে বসবাস ও কাজ করতে পারবেন।
আবেদনের প্রাথমিক ধাপে আগ্রহী প্রার্থীকে অস্ট্রেলিয়ার স্কিলসিলেক্ট ব্যবস্থায় এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা দিতে হয়। এরপর বয়স, পেশাগত যোগ্যতা, ইংরেজি ভাষার দক্ষতা, কর্ম-অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে পয়েন্ট নির্ধারণ করা হয়। এসব যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী সময়ে ভিসার জন্য আবেদন করার আমন্ত্রণ জানায় সরকার।
সাধারণ নিয়ম অনুযায়ী, আমন্ত্রণ পাওয়ার সময় প্রার্থীর বয়স ৪৫ বছরের কম হতে হয়। সংশ্লিষ্ট পেশার অনুমোদিত কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক স্কিলস অ্যাসেসমেন্ট এবং প্রয়োজনীয় ইংরেজি দক্ষতার প্রমাণও থাকতে হবে।
পয়েন্ট পরীক্ষায় ন্যূনতম ৬৫ নম্বর পাওয়ার যোগ্যতা থাকলেই যে আবেদন করার আমন্ত্রণ মিলবে, এমন নিশ্চয়তা নেই। কারণ পেশাভিত্তিক প্রতিযোগিতা, প্রার্থীদের অর্জিত পয়েন্ট এবং নির্দিষ্ট রাউন্ডে আমন্ত্রণের জন্য নির্ধারিত স্কোরের ওপর নির্বাচন নির্ভর করে।
অস্ট্রেলিয়ার শ্রমবাজারের চাহিদা বিবেচনায় স্বাস্থ্যসেবা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, নির্মাণ ও কৃষিসহ বিভিন্ন খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ১৫ অক্টোবরের আমন্ত্রণ রাউন্ডে চিকিৎসক, নার্স, প্রকৌশলী, শিক্ষক, কৃষিবিজ্ঞানী, নির্মাণকর্মী, ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারসহ নানা পেশার দক্ষ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে সব পেশার প্রার্থীদের জন্য একই পয়েন্টের শর্ত রাখা হয়নি। পেশাভেদে আমন্ত্রণ পাওয়ার ন্যূনতম স্কোরে পার্থক্য রয়েছে। সরকারি তালিকা অনুযায়ী, কোনো কোনো পেশায় ৬৫ পয়েন্ট থাকলেই আমন্ত্রণের যোগ্যতা তৈরি হয়েছে, আবার কিছু পেশার ক্ষেত্রে প্রয়োজন হয়েছে ১০০ পয়েন্ট পর্যন্ত।
এদিকে, ২০ হাজারের যে পরিসংখ্যান প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটি ভিসা অনুমোদনের সংখ্যা নয়; বরং ভিসার জন্য আবেদন করার আমন্ত্রণ। আমন্ত্রণ পাওয়ার পর প্রার্থীদের নির্ধারিত ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে। এ সময় স্বাস্থ্য পরীক্ষা, চারিত্রিক যোগ্যতা এবং অভিবাসন সংক্রান্ত অন্যান্য শর্তও পূরণ করতে হবে।
অস্ট্রেলিয়ার ২০২৬–২৭ অর্থবছরের স্থায়ী অভিবাসন কর্মসূচিতে মোট ১ লাখ ৮৫ হাজার জনকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দক্ষ অভিবাসন খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৩২ হাজার ২৪০টি। দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা এবং শ্রমবাজারে প্রয়োজনীয় দক্ষ জনশক্তির ঘাটতি পূরণ করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
সব মিলিয়ে, অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসন কর্মসূচিতে বাংলাদেশি পেশাজীবীদের জন্য সম্ভাবনার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট পেশার তালিকাভুক্তি, প্রয়োজনীয় পয়েন্ট, ইংরেজি ভাষার দক্ষতা এবং অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও সাংবাদিক, সূত্র: দি ডেইলি স্টার


